Bengal Liberty : শীতের দাপটে কার্যত জবুথবু বাংলা। নভেম্বরের শেষেই তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। সকাল ও রাতের ঠান্ডায় নাজেহাল সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের এই আমেজ বজায় থাকবে। তবে শীতের দাপটের মধ্যেই নতুন করে নজর কাড়ছে বঙ্গোপসাগরের আবহাওয়া। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ঘিরে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, শনিবার সকাল থেকেই রাজ্যের আকাশে দেখা মিলেছে ঝলমলে রোদের। কোথাও আকাশ পরিষ্কার, আবার কোথাও হালকা কুয়াশার আস্তরণ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আপাতত শীতের দাপট অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ঠান্ডার প্রভাব বেশি অনুভূত হবে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে। তবে দিনের আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে রোদের দেখা মিললেও সকাল-সন্ধ্যায় ঠান্ডার আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও শীতের প্রভাব ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সমতলের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও ভোর ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে। অন্যদিকে, পাহাড়ি এলাকায় শীতের দাপট আরও বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় বিশেষ নজর রয়েছে আবহাওয়া দফতরের। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়েই আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকার পূর্বাভাস। ফলে এখনই শীতের আমেজ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম।


