Juary Passed Away
Juary Passed Away

ব্রাজিলীয় ফুটবলে নক্ষত্রপতন! ৬৭ বছর বয়সেই চিরবিদায় নিলেন জুয়ারি

Bengal Liberty : পরপর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ! মাঝরাতে মাত্র ৩৮ বছর বয়সে অকালমৃত্যু হয়েছে ডব্লিউডব্লিউই রেসলার ব্রনসন রিডের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেলেন আরও এক কিংবদন্তি। ৬৭ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার জুয়ারি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ব্রাজিল-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমী এবং একাধিক ফুটবল ক্লাবের তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

ব্রাজিলের জার্সি গায়ে মাত্র দু’টি ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্লাব ফুটবলে একাধিক বড় ক্লাবের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন জুয়ারি। সান্তোস, নেগ্রোস, আভেলিনোর মতো ক্লাবে খেলার পর ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলানের হয়েও মাঠে নেমেছিলেন তিনি। তবে ১৯৮৫ থেকে ১৯৮৮—এই তিন বছর খেলোয়াড় জীবনের সেরা সময় কাটিয়েছিলেন জনপ্রিয় পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোয়। এই ক্লাবের হয়েই জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখকে পরাজিত করে ইউরোপীয় ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তবে চোট এবং পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবে শেষ পর্যন্ত ১৯৯২ সালে খেলোয়াড় জীবনে ইতি টেনেছিলেন জুয়ারি।

অবসরের পরেও দীর্ঘদিন সান্তোসের জুনিয়র দলের কোচের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল তাঁকে। তবে কোচ হিসেবে তেমন কোনও উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ায় ধীরে ধীরে ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। দু’দিন আগেই সান্তা কাসা হাসপাতালে একটি বিরল অস্ত্রোপচার চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে খবর।

দেশের জার্সিতে তেমন সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে তাঁর কৃতিত্ব আজও উদীয়মান ফুটবলারদের অনুপ্রেরণা জোগায়। জুয়ারির চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা। তাঁর প্রয়াণে ফুটবলজগতের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সঙ্গে বিশ্ব ফুটবল হারাল এক বর্ণময় চরিত্রকে। না-ফেরার দেশে হয়তো সতীর্থদের সঙ্গে অন্য কোনও ম্যাচের রণকৌশল তৈরিতে ব্যস্ত সকলের প্রিয় জুয়ারি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।