Bengal Liberty : ‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় জনমতের যথার্থ প্রতিফলন’। উচ্ছ্বাসের সঙ্গে একাধিকবার এই কথা বলতে শোনা গিয়েছে বিজেপি ও কংগ্রেস নেতাদের মুখে। কিন্তু দিল্লিতে দাঁড়িয়ে এবার ঠিক উলটো কথা বললেন রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি দাবি করলেও বাংলাতেও ১০০ আসনে ভোটচুরি হয়েছে।
বর্তমানে ডিলিমিটেশন বিল নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। রাজনৈতিক মহলের একাংশের মতে, নরেন্দ্র মোদি সরকার লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই বিলটি পাশ করিয়ে নেবে। ইন্ডি জোট এর ঘোর বিরোধিতা করলেও বিল আঁটকানোর মতো সংখ্যার বল তাঁদের আছে কিনা, সেই বিষয়ে সংশয় রয়েছে বলে অনুমান। এই আবহে সরকার এবং ডিলিমিটেশন প্রক্রিয়াকে চড়া সুরে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভোটচুরির প্রসঙ্গে তাঁর দাবি, “ভোটচুরি ধরা পড়ে যাওয়ায় প্যাঁচে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জ্ঞানেশ কুমাররা। তাই এই আসন পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন করে জনমত চুরি করতে চাইছে। বাংলা-সহ একাধিক রাজ্যে ভোটচুরি করেই সরকার গড়েছে বিজেপি। বাংলাতে একশোর বেশি আসনে ভোটচুরি হয়েছে বলে দাবি লোকসভার বিরোধী দলনেতার। রাহুল বলেন, “ভোটচুরি নিয়ে একাধিক প্রেস কনফারেন্স করেছি আমরা। আমাদের সমীক্ষা বলছে, দেশের ৮০ শতাংশ মানুষ এবং ১০০ শতাংশ জেন জি বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার ভোটচুরি করেন। তাই ওরা বিকল্প পথ খুঁজছে।” এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন রাহুল।
শনিবার নয়া দিল্লির ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠক করেন রাহুল। সেখানেই সাংসদের অভিযোগ, দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো বদলে দিতে চাইছে গেরুয়া শিবির। ভারতকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও খবর
কেন্দ্রের এই আসন পুনর্বিন্যাস বিল বিরোধী শিবিরেও ভাঙন ধরিয়েছে। ইন্ডি জোটের শরিক এনসিপি শরদ শিবির ইতিমধ্যেই বিলটিতে সমর্থন ঘোষণা করেছেন। আরও একাধিক সাংসদের ক্রসভোট দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি ইন্ডি জোটের ঐক্য নিয়েই প্রশ্ন উঠছে। রাহুলের দাবি, “ইন্ডি জোটের অধিকাংশ শরিক এর বিরোধিতা করছে। কাজেই ইন্ডি জোটের ঐক্যে কোনও প্রভাব পড়বে না।” দাবি কংগ্রেস এই নেতার।


