Train Derailment
Bengal Liberty: বিহারের জামুই জেলায় গভীর রাতে বড়সড় রেল দুর্ঘটনায় সিমেন্ট বোঝাই একটি মালগাড়ির ১৯টি বগি লাইনচ্যুত হয় (Train Derailment)। তার মধ্যে অন্তত ১০টি বগি সেতু থেকে ছিটকে পড়ে বারুয়া নদীতে (Baruya River)। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার জেরে জসিডিহ (Jasidih) –ঝাঝা(Jhajha) রেলপথে আপাতত সম্পূর্ণভাবে বন্ধ ট্রেন চলাচল।
রেল সূত্রে জানা গেছে, (Train Derailment)
রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ সিমুলতলা (Simultala) সংলগ্ন তেলওয়া হল্ট (Telwa Halt) এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জসিডিহ–ঝাঝা রেলপথে চলাচলকারী মালগাড়িটি বারুয়া নদীর উপর অবস্থিত রেল সেতু পার হওয়ার সময় আচমকাই লাইনচ্যুত হয়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে একের পর এক ওয়াগন উল্টে যায় ও ছিটকে পড়ে, চারপাশ সিমেন্টে ঢেকে যায়।
দুর্ঘটনাস্থলটির ব্রিজ নম্বর ৬৭৬ এবং খুঁটি নম্বর ৩৪৪/১৮, যা আসানসোল রেল ডিভিশনের (Asansol Railway Devision) অধীনে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, হঠাৎ প্রচণ্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
দুর্ঘটনায় সেতুর উপর থাকা একাধিক ওয়াগন উল্টে যায় এবং অন্তত ১০টি বগি সরাসরি নদীতে পড়ে। এর ফলে আপ ও ডাউন—দু’দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ (Railway police), আরপিএফ (RPF) ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। শুরু হয় উদ্ধার ও পরিস্থিতি খতিয়ে দেখার কাজ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝাঝা ও জসিডিহ থেকে বিশেষ ট্রেন ও ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে। দ্রুত লাইনচ্যুত বগিগুলি সরিয়ে রেলপথ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিষেবা ব্যাহত থাকায় ওই রুটে বাড়তি চাপ তৈরি হয়েছে।
কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি অথবা রেললাইনের কোনও সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল শুরু করা হবে না বলেই রেল সূত্রে জানানো হয়েছে (Train Derailment)।
