Russia - Africa Summit
Russia - Africa Summit

আফ্রিকার দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদ্যোগী মস্কো!

Bengal Liberty : আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে ফের একবার উদ্যোগী রাশিয়া। আফ্রিকার দেশগুলির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মস্কোয় আয়োজিত হতে চলেছে তৃতীয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন। আগামী ২৮ ও ২৯ অক্টোবর এই সম্মেলনে আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত থাকবেন একাধিক রাষ্ট্রনেতা।

সম্মেলনে যোগ দিচ্ছে ৪৮টি আফ্রিকান দেশ

সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, আফ্রিকার মোট ৫৪টি দেশের মধ্যে ৪৮টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ২২টি দেশের প্রতিনিধিত্ব করবেন সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধানরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি সম্মেলনে উপস্থিত থাকবেন আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তথা বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্তে ন্দাইশিমিয়ে। সম্মেলনের মূল অধিবেশনে দুই নেতার যৌথ সভাপতিত্ব করার কথা রয়েছে।

এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য রাশিয়া ও আফ্রিকার দেশগুলির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা। পাশাপাশি কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন এবং মানবিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে।

সম্মেলনের পাশাপাশি আয়োজিত হতে চলেছে রাশিয়া-আফ্রিকা অর্থনৈতিক ও মানবিক ফোরাম। সেখানে দুই পক্ষের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী মহল, আর্থিক প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আফ্রিকার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে চাইছে মস্কো। অন্যদিকে, আফ্রিকার বিভিন্ন দেশও নিজেদের অর্থনৈতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী।

এর আগে ২০১৯ সালে সোচিতে প্রথম এবং ২০২৩ সালে সেন্ট পিটার্সবার্গে দ্বিতীয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার মস্কোর এই সম্মেলনের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। তবে সম্মেলনে আলোচনার পাশাপাশি বাস্তবে কতটা নতুন চুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত হয়, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।