দেশে ফেরার আগেই বড়সড় চ্যালেঞ্জ হাসিনার সামনে! পাসপোর্ট ও NID-র আবেদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, নতুন জটিলতা
দেশে ফেরার আগেই বড়সড় চ্যালেঞ্জ হাসিনার সামনে! পাসপোর্ট ও NID-র আবেদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, নতুন জটিলতা

দেশে ফেরার আগেই বড়সড় চ্যালেঞ্জ হাসিনার সামনে! পাসপোর্ট ও NID-র আবেদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, নতুন জটিলতা

Bengal Liberty : ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অস্থির অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। লাগাতার ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের জেরে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে বাংলাদেশে রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন বিএনপির তারেক রহমান। তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন নতুন করে চর্চা চলছে, তখনই পদ্মাপারে আবারও তৈরি হয়েছে অশান্তির আবহ। এরই মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নতুন টানাপোড়েন।

দেশে ফেরার ইচ্ছার কথা আগেই প্রকাশ করেছিলেন হাসিনা। সেই লক্ষ্যেই নতুন করে পাসপোর্ট ও ভিসার জন্য আবেদন করেন তিনি। কিন্তু এবার সেই আবেদন ঘিরেই তৈরি হয়েছে নতুন জটিলতা। Matrix Chambers-এর তরফে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (NID) ফেরত দেওয়ার বিষয়ে একটি নতুন চিঠি পাঠানো হয়েছে বলে খবর। আর সেই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষরকে ঘিরেই উঠেছে জালিয়াতির অভিযোগ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহযোগী মহম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে। তাঁর দাবি, বাংলাদেশের হাইকমিশনের এক আধিকারিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, চিঠিতে থাকা স্বাক্ষর যাচাই করার পর বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।

রাশেদের আরও দাবি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করতেন। অথচ নতুন চিঠিতে থাকা স্বাক্ষরের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বক্তব্য, সরকারি নথিতে থাকা কোনও ব্যক্তির স্বাক্ষরের সঙ্গে নতুন আবেদনে করা স্বাক্ষরের সামঞ্জস্য থাকা প্রয়োজন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতেই আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর বাংলাদেশের কর্তৃপক্ষ তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাঁর জাতীয় পরিচয়পত্রও। নতুন করে পাসপোর্ট ও ভিসার জন্য আবেদন করার পর ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা ঘোষণা করেন তিনি।

গত ৯ নভেম্বর Matrix Chambers-এর আইনজীবীরা তাঁর হয়ে নতুন পাসপোর্ট ও NID দেওয়ার আবেদন জানান। আইনজীবীদের বক্তব্য, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয়পত্র ও ভ্রমণের নথি পাওয়ার অধিকার রয়েছে শেখ হাসিনার।

অন্যদিকে, আওয়ামী লীগের তরফে বন্‌ধের ডাক দেওয়ার পাশাপাশি বাংলাদেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত আইনি জটিলতা ও বিতর্ক কাটিয়ে কি শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন মুজিব-কন্যা? স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্ক তাঁর প্রত্যাবর্তনের পথে আরও বাধা হয়ে দাঁড়াবে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।