Bengal Liberty: কিংবদন্তি অভিনেতার প্রয়াণে স্তব্ধ রুপোলি পর্দা। আচমকাই থেমে গেল এক দীর্ঘ অভিনয়জীবন, রেখে গেল অগণিত স্মৃতি। ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর।বৃহস্পতিবার ভোরে গোয়ার বাড়িতে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে CPR দিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। সকালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে হৃদরোগকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। তবে, চিকিৎসক জানিয়েছেন, ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছে। নিয়ম মেনে করা হবে পোস্টমর্টেমও।
অভিনয়ে স্বতন্ত্র ছাপ
নানা পাটেকর ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম পরিচিত মুখ। হিন্দি ও মারাঠি-দুই ভাষার ছবিতেই দীর্ঘদিন ধরে নিজের অভিনয়ের স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন তিনি। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ এবং ‘অব তক ছপ্পন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ‘ওয়েলকাম’-এর মতো জনপ্রিয় ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
শুধু অভিনয় নয়, পরিচালনার ক্ষেত্রেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন নানা। ১৯৯১ সালে ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
আরও খবর
‘নানা’ থেকে ভারতীয় সিনেমার পরিচিত নাম
নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ‘নানা’ ছিল তাঁর ডাকনাম। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তাঁর। ছোটবেলা থেকেই নাটক ও অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। স্কুলে পড়ার সময়ই মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। ১৯৭৮ সালে ‘Gaman’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিনয়ের সুযোগ পান নানা পাটেকর। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতায় তৈরি করেন আলাদা জায়গা। কয়েক দশকের দীর্ঘ কেরিয়ারে একাধিক চরিত্র-বিভিন্ন ভূমিকায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। তবে তাঁর অভিনীত অসংখ্য চরিত্র ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবেন এই বর্ষীয়ান অভিনেতা।


