NCERT
NCERT

দেশের শিক্ষাব্যবস্থায় বদল আনল এনসিইআরটি

Bengal Liberty : জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থায় বদল আনল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্ট অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি। এবার নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই ও কম্পিউটেশনাল থিংকিংয়ের ওপর একটি নতুন কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাতে কলমে এই শিক্ষার মাধ্যমে অত্যন্ত সহজ উপায়ে এআইয়ের মতো জটিল ধারণাসমূহ, কার্যকারিতা, প্রযুক্তির সুযোগ বুঝিয়ে দেওয়া হবে।

নতুন এই কোর্সে পড়ুয়াদের আগে থেকে এআই সংক্রান্ত কোনও প্রকার পূর্ব অভিজ্ঞতা বা কারিগরি জ্ঞানের কোনও প্রয়োজন হবে না। এনসিইআরটির এক অধ্যাপক জানান, কম্পিউটেশনাল থিংকিং হল যেকোনও সমস্যাকে ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে সমাধান করার এক আধুনিক বিজ্ঞানসম্মত উপায়। এই পাঠক্রমটি শিক্ষার্থীদের এআইয়ের আসল কাজের প্রক্রিয়া, এর বহুমাত্রিক ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে স্পষ্ট ধারনা দেবে, যা তরুণদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে।

এনসিইআরটির তরফে জানানো হয়েছে, নিরাপদ প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়ে ডাটা প্রাইভেসি, ভুল খবর চিহ্নিতকরণ, এআই জেনারেটেড তথ্যের সঠিক সত্যতা যাচাই, ডিজিটাল নিরাপত্তার পাঠও এই পাঠক্রমে অন্তর্ভূক্ত করা হয়েছে। কেবলমাত্র প্রযুক্তির অন্ধ ব্যবহারকারী না বানিয়ে কীভাবে শিক্ষার্থীরা প্রযুক্তিকে সঠিক ও দায়িত্বশীল উপায়ে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যেই এবার বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। এই কোর্স যাতে অফলাইনে বা শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। দেশের সমস্ত প্রান্তের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সুযোগ করে দিতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এনসিইআরটির তরফে জানানো হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।