Pass - Fail System
Pass - Fail System

রাজ্যে ফের চালু হতে পারে পাশ-ফেল! পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে মূল্যায়ন পদ্ধতি বদলের ভাবনা

Bengal Liberty : রাজ্যে ফের চালু হতে পারে পাশ-ফেল ব্যবস্থা! পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল তুলে দেওয়ার পর পড়ুয়াদের শিক্ষার মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা থেকেই পুরনো মূল্যায়ন পদ্ধতি ফিরিয়ে আনার ভাবনাচিন্তা শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় রিপোর্টে উঠে এসেছে, অষ্টম শ্রেণির বহু পড়ুয়া পঞ্চম শ্রেণির পাঠ্যবই সাবলীলভাবে পড়তে পারছে না। সাধারণ যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো প্রাথমিক অঙ্কেও তাদের দুর্বলতা রয়েছে। এই পরিস্থিতিতে স্কুলশিক্ষার ভিত মজবুত করতে পাশ-ফেল ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে। রাজ্যের নতুন স্কুল সিলেবাস ও কারিকুলাম এক্সপার্ট কমিটিও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে। কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায় এই ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন।

সম্প্রতি একটি শিক্ষক সংগঠনের দাবির প্রেক্ষিতে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এবার সিলেবাস কমিটিও বিষয়টি খতিয়ে দেখতে আগ্রহী। বিভিন্ন মহলের মতামত নেওয়ার পর এ বিষয়ে সুপারিশ করা হতে পারে। দেবাশিস চট্টোপাধ্যায়ের বক্তব্য, স্কুলশিক্ষার বর্তমান পরিস্থিতিতে পাশ-ফেল ফিরিয়ে না আনলে ভবিষ্যতে বড়সড় বিপর্যয় দেখা দিতে পারে।

উল্লেখ্য, ২০০৯ সালে শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পর অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়ার ব্যবস্থা কার্যকর হয়। পরে, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানোর সুযোগ তৈরি করে। নিয়ম অনুযায়ী, বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে সংশ্লিষ্ট পড়ুয়াকে একই শ্রেণিতে রেখে দেওয়ার বিধান রয়েছে। তবে তার আগে তাকে বিশেষ সহায়ক ক্লাস করানো বাধ্যতামূলক। এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত রাজ্যগুলির উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গে এখনও তা কার্যকর হয়নি।

অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর অভিযোগ করেছেন, পড়ুয়াদের মৌলিক দক্ষতার ঘাটতি এবং পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রবণতা শিক্ষার প্রকৃত চিত্র আড়াল করছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতিও পাশ-ফেল ফেরানোর দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে। তবে অন্য রাজ্যে এই ব্যবস্থা নিয়ে সমালোচনা থাকায়, সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে নতুন সরকার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।