Bengal Liberty: স্নাতকোত্তর শিক্ষানবিশদের উদ্দেশে কার্যত ফতোয়া জারি করল অসম মেডিকেল কলেজ ও হাসপাতাল। জেনারেল মেডিসিন বিভাগের পড়ুয়াদের উদ্দেশে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কোর্স যতক্ষণ না সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ যেন বিবাহের মতো বিষয়ও তারা পিছিয়ে দেন। সকলকে এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। তাদের এই নির্দেশিকা ঘিরে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে অসমে।
অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের জারি করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়কালে ভালভাবে পড়াশুনো সম্পন্ন করার দিকেই লক্ষ্য রাখতে হবে পড়ুয়াদের। এই সময়কালে তাদের ক্লিনিক্যাল কর্তব্য, রোগীদের প্রতি যত্ন নেওয়া ও গবেষণার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের কয়েকজন পড়ুয়া এই নির্দেশের প্রশংসা করলেও অধিকাংশই এই বিজ্ঞপ্তির সমালোচনায় সরব। তাদের বক্তব্য, প্রতিষ্ঠান তাদের অধিকার খর্ব করতে চাইছে। যা কোনওভাবেই কাম্য নয়।


