Howrah crime news
Howrah crime news

Howrah crime news: উত্তর হাওড়ার ‘ডন’ আকাশ সিংকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ, পুনর্নির্মাণ একাধিক অপরাধের

Bengal Liberty, হাওড়া:

“ভয় আউট, ভরসা ইন”— রাজ্য জুড়ে বিজেপি সরকারের প্রচারিত এই বার্তাকেই সামনে রেখে উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে প্রকাশ্যে এলাকায় ঘুরিয়ে একাধিক অপরাধমূলক ঘটনার পুনর্নির্মাণ করালো গোলাবাড়ি থানার পুলিশ (Howrah crime news)। রবিবার দুপুরে হাওড়ার বিভিন্ন এলাকায় পুলিশি নিরাপত্তার মধ্যেই কোমরে দড়ি বেঁধে আকাশ সিংকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের এই পদক্ষেপ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেন।

Howrah crime news
Howrah crime news

উত্তর হাওড়ার ‘ত্রাস’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে পুলিশের উপর গুলি চালানোর ঘটনা-সহ প্রায় ২০টিরও বেশি অপরাধমূলক মামলায় অভিযুক্ত আকাশ সিং দীর্ঘদিন ধরেই উত্তর হাওড়া অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। তোলাবাজি, হামলা, বেআইনি অস্ত্র রাখা, মারধর ও দুষ্কৃতীচক্র পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চলতি মাসের শুরুতে তাকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। এরপর থেকেই তার বিরুদ্ধে তদন্তে গতি আসে।

রবিবার তদন্তের স্বার্থে পুলিশ আকাশ সিংকে নিয়ে বিভিন্ন এলাকায় যায় এবং একাধিক পুরনো অপরাধের ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ করায়। কোথায় দাঁড়িয়ে গুলি চালানো হয়েছিল, কোন রাস্তা দিয়ে পালানো হয়েছিল কিংবা কীভাবে অপরাধ সংঘটিত হয়েছিল— সেই সমস্ত ঘটনাস্থল দেখিয়ে দেখিয়ে পুলিশকে তথ্য দেয় অভিযুক্ত। তদন্তকারীদের দাবি, এই পুনর্নির্মাণের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

Howrah crime news
Howrah crime news

ক্রাইম সিন রিকনস্ট্রাকশন

সবচেয়ে বেশি নজর কাড়ে আকাশ সিংয়ের চেহারার বদল। উত্তর হাওড়ার বাসিন্দারা যাকে এতদিন ঝুঁটি বাঁধা চুল, ঘন দাড়ি ও ভয়ঙ্কর চেহারায় দেখতেন, রবিবার সেই আকাশকে দেখা যায় ছোট করে কাটা চুল ও ছাঁটা দাড়িতে। তার পরনে ছিল শুধুমাত্র একটি স্যান্ডো গেঞ্জি ও আন্ডারওয়ার, পায়ে স্যান্ডেল। যদিও পুলিশ সূত্রে দাবি, প্রচণ্ড গরমের কারণেই তাকে এই পোশাকে রাখা হয়েছিল। পাশাপাশি, চুল ও দাড়ি কাটার ইচ্ছা নাকি নিজেই প্রকাশ করেছিল আকাশ।

পুলিশের একাংশের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য শুধুমাত্র তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া নয়, সমাজের অপরাধ জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছেও একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা এবং অপরাধীদের মনে ভীতি তৈরি করতেই এই ধরনের কড়া অবস্থান নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।

তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই কড়া ভূমিকা সাধারণ মানুষের আস্থা বাড়াবে। অন্যদিকে বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে, প্রকাশ্যে এভাবে অভিযুক্তকে ঘোরানো কতটা আইনসঙ্গত। যদিও পুলিশ প্রশাসনের বক্তব্য, তদন্তের প্রয়োজনেই সমস্ত পদক্ষেপ আইন মেনেই করা হয়েছে।

উত্তর হাওড়ায় বহুদিন পর এভাবে কোনও কুখ্যাত দুষ্কৃতীকে প্রকাশ্যে ঘোরানোয় এলাকায় কার্যত তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury