Bengal Liberty : প্রাইভেট টিউশন সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল ১৪ বছরের কিশোর। কিন্তু বাড়ি ফেরা আর হল না তার। মাঝেরহাট স্টেশনের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির লরি তাকে ধাক্কা মারে। সাইকেল-সহ লরির চাকায় পিষ্ট হয় সে। বেশ কিছুটা রাস্তা তাকে হিঁচড়ে নিয়ে যায় লরিটি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন কিশোরকে। শুক্রবার দুপুরে কলকাতার মাঝেরহাটে এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষোভে ঘাতক লরিতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা।
টিউশন থেকে ফেরার পথেই দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম অনমোল ঝা। বয়স মাত্র ১৪ বছর। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। কালীপুজোর ছুটির পর স্কুল খোলায় ফের শুরু হয়েছে পড়াশোনা। এদিন সকালে প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল অনমোল। টিউশন শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। মাঝেরহাট রেল স্টেশনের অদূরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ১২ চাকার সিমেন্টবোঝাই লরি তাকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সাইকেল-সহ লরির চাকায় আটকে যায় কিশোর। সেই অবস্থাতেই বেশ কিছুটা দূর পর্যন্ত তাকে হিঁচড়ে নিয়ে যায় লরিটি। ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর লরি থামিয়ে চালক পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
লরির কাচ ভেঙে বিক্ষোভ
কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা ঘাতক লরির সামনের কাচ ভাঙচুর করেন। তাঁদের অভিযোগ, রাস্তাটি যথেষ্ট সংকীর্ণ। তা সত্ত্বেও দুপুরবেলা ব্যস্ত রাস্তায় এত বড় ১২ চাকার লরি কীভাবে দ্রুতগতিতে চলাচল করছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও খবর
খবর পেয়ে তারাতলা থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পলাতক চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন অনমোলের পরিবারের সদস্যরা। শোকে পাথর বাবা-মা।


