Bengal Liberty : নিউটাউনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা ওয়াচ টাওয়ারেই প্রাণ গেল এক নিরাপত্তারক্ষীর। শুক্রবার সকালে নিউটাউন সেন্ট্রাল মলের সামনে একটি ওয়াচ টাওয়ার থেকে উদ্ধার হল নিরাপত্তারক্ষী সুলগ্ন দে-র দেহ। প্রাথমিক অনুমান, বাথরুমে জল না থাকায় পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাম্পের কাছে অসুরক্ষিত অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের তার থেকেই বিপত্তি বলে অভিযোগ। এই ঘটনায় নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
সকালে উদ্ধার দেহ
জানা গিয়েছে, সুলগ্ন দে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র অধীনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে নিউটাউন সেন্ট্রাল মলের সামনের ওয়াচ টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। অভিযোগ, শুক্রবার ভোরে বাথরুমে জল না থাকায় পাম্প চালাতে যান সুলগ্ন। সেই সময় পাম্পের কাছে পড়ে থাকা বিদ্যুতের খোলা তারে পা পড়ে যায় তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।সকালে স্থানীয় বাসিন্দারা ওয়াচ টাওয়ারের কাছে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। পরে ডিউটিতে আসা অন্য নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তদন্ত শুরু
ঘটনার খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফেও পৃথক তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। ওয়াচ টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে বিদ্যুতের খোলা তার অসুরক্ষিত অবস্থায় পড়ে ছিল? নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। বিদ্যুৎ ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে।


