Varsha Turkar Murder Case
জঙ্গলে উদ্ধার ইন্ডিগো কর্মীর দেহ

দীপাবলিতে বাপের বাড়ি এসে মৃত্যু! বন্ধুর সঙ্গে বেরিয়ে জঙ্গলে উদ্ধার ইন্ডিগো কর্মীর দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষা তুরকর মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বাসিন্দা। ২০২৪ সালে তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁর স্বামী ইন্দোরে থাকেন। দীপাবলি উপলক্ষে আড়াই বছরের মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন বর্ষা। শনিবার বিকেল প্রায় ৪টে নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু নীতেশ আগরওয়াল। দু’জনে ওয়েনগঙ্গা নদীর তীরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এর কয়েক ঘণ্টা পর বর্ষার পরিবারের সদস্যদের ফোন করে একটি ঘটনার কথা জানান নীতেশ। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত বন্ডরানি জঙ্গল এলাকায় পৌঁছন। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী গোন্দিয়া জেলার ওই জঙ্গলে বর্ষাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তাঁকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে বর্ষার উপর হামলা চালানো হয়েছিল। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। বর্ষার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। সংবাদমাধ্যমের সামনে বর্ষার বাবা বলেন, “ও আমার বড় মেয়ে। ঘটনার পরেই আমি এই খবর জানতে পারি।”

এই ঘটনার তদন্তে নেমে নীতেশ আগরওয়ালের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ। নীতেশের দাবি, মুখোশ পরা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের উপর হামলা চালায় এবং লুটপাট করে পালিয়ে যায়। কিন্তু তাঁর এই দাবির সঙ্গে বেশ কিছু বিষয় মেলাতে পারছেন না তদন্তকারীরা। পুলিশের দাবি, নীতেশের দাবি অনুযায়ী যদি তাঁদের উপর হামলা হয়ে থাকে, তাহলে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই কেন? এই বিষয়টি নিয়েই তৈরি হয়েছে সন্দেহ। পাশাপাশি তাঁর বক্তব্যেও একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই কারণেই তাঁকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, বর্ষার পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। আদৌ কোনও লুটপাটের ঘটনা ঘটেছিল কি না, বর্ষার উপর হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, কিংবা এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। সেই রিপোর্ট হাতে এলেই বর্ষার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত ৩৫ বছরের ওই গৃহবধূর রহস্যমৃত্যুর কিনারা করতে জোরকদমে তদন্ত চলছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।