রণক্ষেত্র মেক্সিকো! মাদকসম্রাটের গ্রেফতারি ঘিরে দুষ্কৃতী ও সেনার মধ্যে গুলির লড়াই!
রণক্ষেত্র মেক্সিকো! মাদকসম্রাটের গ্রেফতারি ঘিরে দুষ্কৃতী ও সেনার মধ্যে গুলির লড়াই!

রণক্ষেত্র মেক্সিকো! মাদকসম্রাটের গ্রেফতারি ঘিরে দুষ্কৃতী ও সেনার মধ্যে গুলির লড়াই!

Bengal Liberty : শনিবার কুখ্যাত মাদক ও বেআইনি অস্ত্র কারবারে অভিযুক্ত ফাউস্তো ইসিদ্রোর গ্রেফতারির পরেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক তাণ্ডব। রাস্তায় রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চলছে গুলির লড়াই। পরিস্থিতির জেরে যানবাহন চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নেমেছে মেক্সিকোর সেনাবাহিনী। হেলিকপ্টারের সাহায্যে নজরদারি চালানোর পাশাপাশি শুরু হয়েছে সশস্ত্র অভিযান। ব্যাপক হিংসার জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে মাদক কারবারের অন্যতম মাথা ফাউস্তো ইসিদ্রোকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি। এরপরই পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে এখনও পর্যন্ত সাতজন পাচারকারী এবং চারজন সেনার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাপক হিংসার জেরে সংশ্লিষ্ট এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সত্তর ও আশির দশকে কলম্বিয়ার কুখ্যাত মাদকসম্রাট হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন পাবলো এসকোবার। তাঁর মাদক পাচারের সাম্রাজ্য আন্তর্জাতিক স্তরেও বিস্তার লাভ করেছিল। মেক্সিকো-সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল মাদক পাচারের জাল। তবে কলম্বিয়ার তারকা ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডের সঙ্গে পাবলো এসকোবারের সরাসরি যোগ থাকার নির্ভরযোগ্য প্রমাণ নেই। ১৯৯৪ সালের বিশ্বকাপে আত্মঘাতী গোল করার পর দেশে ফিরে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন প্রতিভাবান ওই ফুটবলার।

দারিদ্র্য, শিক্ষার অভাব এবং কর্মসংস্থানের সংকটকে কাজে লাগিয়ে বহু যুবককে অপরাধজগতে টেনে নেওয়ার অভিযোগ উঠেছিল পাবলো এসকোবারের অপরাধচক্রের বিরুদ্ধে। ধীরে ধীরে গড়ে উঠেছিল তাঁর বিশাল মাদক সাম্রাজ্য। পরবর্তী সময়ে মেক্সিকোতেও শক্তিশালী হয়ে ওঠে বিভিন্ন মাদক পাচারচক্র। তাদের মধ্যে অন্যতম ছিল এল চাপোর নেতৃত্বাধীন সিনালোয়া কার্টেল। মাদক পাচার, বেআইনি অস্ত্রের কারবার এবং সংগঠিত অপরাধের জাল এতটাই বিস্তৃত হয়েছে যে, তা নিয়ন্ত্রণে আনতে বারবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মেক্সিকো সরকারকে। এখন প্রশ্ন, ফাউস্তো ইসিদ্রোর গ্রেফতারির পর কি মেক্সিকোর মাদক সাম্রাজ্যে বড়সড় আঘাত হানতে পারবে প্রশাসন? নাকি এক অপরাধচক্রের মাথা ধরা পড়লেও অন্যদের হাত ধরে ফের সক্রিয় হয়ে উঠবে মাদক পাচারের আন্তর্জাতিক জাল?

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।