Bengal Liberty : রাজনৈতিক যুদ্ধ নয়! তবে এলাকা দখল নাকি সঙ্গিনীকে কেন্দ্র করে যুদ্ধ সেটাও স্পষ্ট নয়! কিন্তু দু’জনের মধ্যে চলে তুমুল যুদ্ধ। কেউ কাউকে ছাড়ার নয়! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই লড়াই। নিশ্চয়ই ভাবছেন কাদের কথা বলছি? আর কী নিয়েই বা তাদের লড়াই? আসলে কথা হচ্ছে দুটি দাঁতাল হাতিকে নিয়ে! রবিবার সাতসকালে দুই দাঁতাল হাতির লড়াই দেখল জলপাইগুড়ি জেলার বানারহাটের বাসিন্দারা। ডুয়ার্সের বানারহাট ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী চামুর্চি এলাকার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারত-ভুটান সীমান্তে এদিন সকালে দুই হাতি সামনা সামনি দাঁড়িয়ে পড়ে। তারপরই শুঁড় তুলে শুরু করে ভয়ংকর লড়াই। সঙ্গে কান ফাটানো হুঙ্কার। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এলাকাবাসী যেন ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল! দাঁতাল দুই হাতির লড়াইয়ের মাসুল এলাকাবাসী না গুনতে হয়! তবে শেষ পর্যন্ত প্রাণহানি বা ক্ষয় ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।
বনদফতর সূত্রে জানা যাচ্ছে, ডুয়ার্সের রেতি জঙ্গল থেকে বেরিয়ে হাতির একটি দল মরাঘাট অথবা ডায়না জঙ্গলের দিকে যাচ্ছিল। আচমকাই দুটি দাঁতাল হাতি পরস্পরের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে। নিশ্চয়ই আগে থেকে ওদের মধ্যে কোন শত্রুতা ছিল। তাই শুরু হয় তুমুল লড়াই। দীর্ঘক্ষণ একে অপরকে শুঁড় ও দাঁত দিয়ে আক্রমণ করতে থাকে হাতি দুটি। হাতির হঙ্কার, বিকট শব্দ শুনে ছুটে আসেন চা বাগানের বাসিন্দা। ভয়ংকর দৃশ্য দেখে থমকে যান তাঁরা। দূর থেকে দেখেন দুই হাতির ভয়ংকর লড়াই। আতঙ্ক ছড়ায় এলাকায়।
আরও খবর
চামুর্চি সীমান্তবর্তী ওই এলাকায় চারপাশে রয়েছে চা বাগান। রয়েছে বাড়ি-ঘর। হাতি দু’টি লোকালয়ে চলে আসলে মহাবিপদ হতে পারে বলে আশঙ্কা করছিলেন স্থানীয়রা।যদিও তেমন কিছু ঘটায়নি দাঁতাল দুটি। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর একটি হাতি হার স্বীকার করে। রণক্ষেত্র ছাড়ে সে। তারপরই পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতি দুটি-সহ স্থানীয়রাও।
কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এই লড়াই? অনুমান, এলাকা দখলের লড়াই হতে পারে কিংবা সঙ্গিনীকে কেন্দ্র করে এই লড়াই হতে পারে। কারণ, যাই হোক না কেন, সাতসকালে ভয়ংকর লড়াই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। হাতির দলটির উপর নজর রাখছে বনদফতর।


