Bengal Liberty : রবিবার রাজধানী দিল্লিতে প্রথমবারের জন্য ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। অনেক আগেই তাঁর ভারত সফরের ঘোষণা করা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে দু’দিনের সফরে ভারতে আসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে। পাশাপাশি, সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হতে পারে। সেই সঙ্গে অযোধ্যা-জনকপুর রেল পরিষেবারও সূচনা করবেন বলে জানা গিয়েছে।
নেপালে হড়পা বানের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের সময়ও নেপালের পাশে দাঁড়িয়েছিল নয়াদিল্লি। নেপাল যতবারই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে, ততবারই সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত। তবে এত সহযোগিতার পরেও বিভিন্ন সময়ে নেপালের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নয়াদিল্লি।
উল্টে, একাধিক ঘটনায় ভারতের অসন্তোষ বাড়িয়ে চিনের পাশে নেপালকে দাঁড়াতে দেখা গিয়েছে। এমনকী, নেপালের দুর্যোগের স্মৃতিকে সামনে রেখে ভারত-চিনের রাজনৈতিক সমীকরণ নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন বলেন্দ্র শাহ।
আরও খবর
এর পাশাপাশি, গত মে মাসে ভারত ও নেপালের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় চিন ও ব্রিটেনকে যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন বলেন্দ্র। এই মন্তব্য ঘিরে দিল্লি ও কাঠমান্ডুর কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা গ্রহণযোগ্য নয়। তবে এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রয়েছে বলেও জানানো হয়। উল্লেখ্য, লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চলকে কেন্দ্র করে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত বিরোধ রয়েছে। ফলে আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি নিজের দেশেও খুব একটা স্বস্তিতে নেই বলেন্দ্র শাহ। সাম্প্রতিক পরিস্থিতি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। যে জেনজি আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন বলেন্দ্র শাহ। দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম এবং কর্মসংস্থানের মতো একাধিক ইস্যুতে সরব হয়ে রাস্তায় নেমেছিলেন তৎকালীন ছাত্রনেতারা। এবার সেই জেনজি আন্দোলনের সঙ্গে যুক্ত একাংশের প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে বলেন্দ্রকেই। তাঁর সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পথে নেমেছেন আন্দোলনকারীরা। প্রতিবাদীদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের এবং বিনা কারণে তাঁদের জেলে আটকে রাখার অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে প্রথম ভারত সফর ঘিরে কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। একদিকে ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ মজবুত করার চ্যালেঞ্জ, অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ। সব মিলিয়ে মোদির সঙ্গে বলেন্দ্র শাহের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে ভারত সফরে এসে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি নিজের দেশের রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেও কি কূটনৈতিক যোগাযোগকে কাজে লাগাতে চাইছেন নেপালের প্রধানমন্ত্রী? এই প্রশ্ন ঘিরেই এখন জল্পনা তুঙ্গে।


