Bengal Liberty : নেপালে হড়পা বান বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট হচ্ছে (Nepal)। সোমবার সকালে নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯০৩টি দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সংখ্যা ৪২৪৭। তাঁদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক। বিপর্যয়ের পর উদ্ধারকাজ ইতিমধ্যেই ষষ্ঠ দিনে পড়েছে। আধিকারিকদের আশঙ্কা, কাদামাটির পুরু স্তরের নীচে এখনও বহু দেহ চাপা পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Nepal)।

সবচেয়ে বেশি মৃত্যু চিতোয়ানে (Nepal)
হড়পা বানে নেপালের আটটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিতোয়ান থেকে এখনও পর্যন্ত ২৭২টি দেহ উদ্ধার হয়েছে। নওয়ালপারসি পূর্বে ২০৭টি, নওয়ালপারসি পশ্চিমে ১৫১টি এবং গোর্খায় ৬২টি দেহ পাওয়া গিয়েছে। এ ছাড়া নুয়াকোটে ৯৫টি, ধাদিঙে ৫৫টি, তানাহুতে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে রাসুয়ার ভোটেকোশী নদীতে হড়পা বান নেমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। প্রবল জলস্রোত এবং কাদার তোড়ে একের পর এক বসতি নিশ্চিহ্ন হয়ে যায়। বহু দেহ ভেসে গিয়ে মূল ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে। ফলে দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালানো আরও কঠিন হয়ে পড়েছে।
দেহ উদ্ধার হলেও অধিকাংশের পরিচয় জানা যাচ্ছে না। অনেক দেহের এমন অবস্থা যে দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে। অন্য দিকে, মর্গগুলিতেও আর জায়গা নেই। বাধ্য হয়ে কয়েকটি অস্থায়ী ভবনে দেহ রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে দীর্ঘদিন দেহ সংরক্ষণের মতো পরিকাঠামো সেখানে নেই। এই পরিস্থিতিতে পর্যাপ্ত তথ্য সংগ্রহের পর গণকবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।
আরও খবর

নিখোঁজ ভারতীয়দের নিয়ে উদ্বেগ (Nepal)
নেপালের সীমান্তের ওপারে তিব্বতেও বুধবার হড়পা বানের তাণ্ডব দেখা যায়। চিনের দাবি, সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫৪৭ জন। তাঁদের মধ্যে ৪৯ জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছে বেজিং। তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা বলে মনে করা হচ্ছে। একটি ভ্রমণ সংস্থার দাবি, ৪৯ জনের ওই পর্যটকদল কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিল। বুধবারের পর থেকেই তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।নেপালেও নিখোঁজ ভারতীয়দের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। কলকাতার একটি ৩২ জনের পর্যটকদলের কোনও সন্ধান মিলছে না। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ৩৭ জনের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে শুধু পর্যটকই নন, নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতে যাওয়া ভারতীয় শ্রমিকও রয়েছেন।

বিপর্যয়ের পর থেকে নেপালের বহু সেনা ও পুলিশকর্মীরও কোনও খোঁজ নেই। হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে। নিখোঁজ স্বজনের সন্ধানে দূরদূরান্ত থেকে মানুষ কাঠমান্ডু-সহ বিভিন্ন এলাকায় ছুটে আসছেন। একদিকে উদ্ধারকাজ, অন্য দিকে নিখোঁজদের সন্ধান এবং মৃতদের শনাক্তকরণ-সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে নেপাল। উদ্ধারকাজে সহায়তার জন্য ভারত থেকেও বিশেষ দল নেপালে পৌঁছেছে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/31/nepal-flood-20/


