Bengal Liberty: প্রবীণ আইনজীবী তথা সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাসভবনে দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সংহতি বার্তা দেওয়ার পর, তাঁর সেই বার্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিকাশরঞ্জন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রসঙ্গে তিনি মন্তব্য, “পরিস্থিতি মানুষকে বদলায়। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দায়ী। দেরিতে হলেও যদি বুঝে থাকেন, যে সর্বনাশ তাঁরা করেছেন সেই পথ থেকে বেরিয়ে আসবেন, তাহলে ভালো।” সোজা সাপটা ভাষায় এমনটাই জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষই সময়ের সঙ্গে পরিবর্তিত হন। যদি ওঁর বা ওঁর দলের পরিবর্তন হয়, ভালো তো! আমি আমার নির্দিষ্ট পথে হাঁটছি। আমার পথ চলা দেখে কেউ যদি আকর্ষিত হয়ে পিছনে আসে, আমি মুখ ফিরিয়ে বলব না যে তুমি এসো না; বরং চাইব আমাদের সঙ্গে আসুক।”
এই বিষয়ে উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন বিকাশবাবু। সম্প্রতি এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ নিয়েও তিনি সরব হয়েছিলেন। যদিও এই হামলার ঘটনায় রাজনৈতিক বৈরী সম্পর্ক সরিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরং সমবেদনা জানানোর পাশাপাশি সংবিধান ও আইনজীবীদের সুরক্ষায় ঐক্যের আহ্বান জানান মমতা। তিনি লেখেন, “রাজনৈতিক ও আদর্শগত মতভেদ থাকলেও শালীনতা এবং সংবিধানের প্রতি মর্যাদা রয়েছে।
আরও খবর
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখ ও মোটরবাইকের নম্বর প্লেট কাপড়ে ঢেকে এক দুষ্কৃতী এসে একের পর এক কাচের মদের বোতল তাঁর বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে। বোতলের আঘাতে জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়।


