Bengal Liberty : কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় ২৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু মানুষ। এমন মর্মান্তিক ঘটনায় কার্যত স্তব্ধ গোটা রাজ্য। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবার প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শোকবার্তা জানান অমিত শাহ। তিনি লেখেন, “অসমের কাজিরাঙায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে রঙ্গাজন এলাকায় একটি মিনিবাসের সঙ্গে কন্টেনার লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একাধিক যাত্রীর। অসম প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ২৪। দুর্ঘটনার পর বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। পাশাপাশি আহত হয়েছেন বহু যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কোহড়া মডেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি কন্টেনার লরিতে ধাক্কা মারে। কাজিরাঙার জঙ্গল এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা রয়েছে। কিন্তু ওই মিনিবাসটি সেই নির্দেশিকা মেনে চলেনি বলেই অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় উদ্ধার ও ত্রাণের কাজ তদারকির জন্য মন্ত্রী অতুল বোরাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।


