Bengal Liberty : নতুন মাসের শুরুতেই ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বরের প্রথম দিন থেকেই কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৭ টাকা। ফলে বর্তমানে এক একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৯৭১ টাকা। অন্যদিকে, ১৪.২ কেজির গৃহস্থের ব্যবহারের রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এই সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দামে ওঠানামা চলছে। সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ২,৮৮৪ টাকা। অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার পিছু ৭০ টাকা দাম বেড়ে হয়েছিল ২,৯৫৪ টাকা। নভেম্বর মাসে ফের ১৭ টাকা দাম বাড়ল। ফলে হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান থেকে শুরু করে ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্তদের খরচ আরও বাড়ল।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে ব্যবসার দৈনন্দিন খরচে। রান্নার গ্যাসের পিছনে বেশি টাকা খরচ করতে হওয়ায় ছোট খাবারের দোকান থেকে বড় রেস্তরাঁ—সব ক্ষেত্রেই লাভের অঙ্কে টান পড়তে পারে। এই পরিস্থিতিতে বাড়তি খরচ সামাল দিতে খাবারের দাম বাড়ানোর পথে হাঁটতে পারেন ব্যবসায়ীদের একাংশ। তাতে শেষ পর্যন্ত চাপ বাড়তে পারে সাধারণ মানুষের উপরেও।
আরও খবর
প্রতি মাসে এভাবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়তে থাকলে ছোট ব্যবসায়ীদের পক্ষে ব্যবসা চালানো আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা। বিশেষ করে সীমিত লাভে চলা খাবারের দোকান ও ক্ষুদ্র ব্যবসাগুলির ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি বড় আর্থিক চাপ তৈরি করতে পারে।


