Bengal Liberty : আজ পাখির চোখ রাজধানী দিল্লি। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। রবিবার রাজধানীর রামলীলা ময়দানে ইন্ডি জোটের মেগা জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় বিশেষ জোর দিয়েছে দিল্লি পুলিশ।
‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী দলগুলির নেতা-কর্মী ও সমর্থকরা ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছতে শুরু করেছেন। সভার আগে রামলীলা ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃষ্টির জেরে জমে থাকা জল সরিয়ে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মূল মঞ্চে থাকবেন জোটের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, সাংসদ ও অন্যান্য নেতাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা মঞ্চ।
সভায় উপস্থিত থাকার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব-সহ একাধিক বিরোধী নেতার। বিভিন্ন রাজ্য থেকে আসা কর্মী-সমর্থকদের পাশাপাশি বামপন্থী সংগঠনের সদস্যদেরও জমায়েত হতে দেখা যাচ্ছে।
আরও খবর
SIR প্রক্রিয়ায় অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিরোধী জোট। এদিন মিন্টো রোড ও কনট প্লেসের সংযোগস্থল থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের কর্মসূচিও রয়েছে।
নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে চার হাজারেরও বেশি পুলিশকর্মী। পাশাপাশি, থাকছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীও। গোটা ময়দানকে ১৪টি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। নজরদারির জন্য বসানো হয়েছে ২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্দিষ্ট প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে।
জনসভাকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজনে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। অতিরিক্ত ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে। পুলিশের নির্দেশ অনুযায়ী, বিকেল ৫টার মধ্যে সভা শেষ করে দ্রুত জমায়েত ছত্রভঙ্গ করতে হবে।


