Bengal Liberty: ‘আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির।’ কাল ভোর হতেই আট থেকে আশি, সকলে মিলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনবে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। সেই সঙ্গে ঢাকে কাঠি পড়বে, বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা হবে সবাই।
পুজোর চারটি দিন খাওয়াদাওয়া, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, রমরমিয়ে ঠাকুর দেখা, অষ্টমীর অঞ্জলি, নবমীর ভোগ খাওয়া এবং দশমীতে মাকে বিদায় জানানোর সঙ্গে সিঁদুর খেলা। তারপর আবার এক বছরের অপেক্ষা। তবে এবারের দুর্গাপুজো একটু আলাদা। পুজোর আনন্দের মধ্যেই নতুন রূপে, পুরোনো ফরম্যাটে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের অন্যতম বৃহত্তম প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬।

মহালয়ার দিনেই শুভ সূচনা
মহালয়ার শুভ দিনেই নতুন রূপে আগমন ঘটতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের। ১৩টি দল, ১৬৩টি জমজমাট ম্যাচ—ঠিক আগের মতোই ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে প্রতিযোগিতা। এক কথায়, আগামী কয়েক মাস ভারতীয় ফুটবল এক অন্য রূপে আত্মপ্রকাশ করতে তৈরি। সেই সঙ্গে প্রথমবারের জন্য ক্লাব মালিকদের হাতেই থাকছে যাবতীয় ক্ষমতা। সর্বভারতীয় ফুটবল সংস্থার কোনও রকম হস্তক্ষেপ থাকছে না। আগামী চার বছর ক্লাবগুলির হাতেই থাকবে সব রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দেখার বিষয়, এরপর ভারতীয় ফুটবল বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াতে পারে কি না!
আরও খবর
প্রথম দিনেই ডাবল হেডার
প্রথম দিনেই বিকেল পাঁচটায় বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই মরসুমের আইএসএল। তারপরই ঠিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন ও লড়াকু দল এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ ঘিরেও সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
নতুন স্পনসর, নতুন আশা এবং পুরোনো ফরম্যাটের সঙ্গে নতুন রূপে ফিরছে ইন্ডিয়ান সুপার লিগ। দেখার বিষয়, ইস্টবেঙ্গল কি নিজেদের শিরোপা ধরে রাখতে পারবে? নাকি জয় হবে সবুজ-মেরুনের? অথবা অন্য কোনও দল হবে চ্যাম্পিয়ন? সব প্রশ্নের উত্তর মিলবে প্রতিযোগিতা শুরু হওয়ার পর। ততক্ষণে সবার মুখে একটাই স্লোগান—‘কাম অন ইন্ডিয়া, লেটস ফুটবল!’


