Bengal Liberty : মর্নিং ওয়াক করতে গিয়ে আচমকা মাথা ঘুরে পড়ে গেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।সেই অবস্থায় ধনকড়কে পুলিশের গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তারপরে তাকে দিল্লি এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।প্রাক্তন উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময় ধনখড়ের অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচার হওয়ার চার মাসের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়লেন ধনখড়। উল্লেখ্য, ২০১৯-২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তিনি। তৎকালীন সরকারের সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্কের কথা সর্বজনবিদিত। তারপর তাঁকে দেশের উপরাষ্ট্রপতি পদে নিয়োগ করা হয়। কিন্তু আচমকাই তিনি ২০২৫ সালের জুলাই মাসে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন।তিনি জানিয়েছিলেন, অসুস্থতার জন্য পদ ছেড়েছেন। তাঁর এই ইস্তফা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিল বিরোধীরা।


