Bengal Liberty : : ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের একতানগরে জাতীয় একতা দিবস ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। উদ্বোধন হওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে রয়েছে আধুনিক নিকাশি ব্যবস্থা ও জল শোধনাগার, নর্মদা ঘাটের আধুনিকীকরণ, আলোকসজ্জা, হোটেল, রেইনফরেস্ট প্রভৃতি।
শিলান্যাস হওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে রয়েছে গোরা-ভান্ডরা সড়ক উন্নয়ন, সমন্বিত জিরো-ওয়েস্ট স্মার্ট কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, খালবাণী ইকো-ট্যুরিজম উন্নয়ন এবং ক্যাকটাস ও বাটারফ্লাই গার্ডেনের সমন্বিত পরিকাঠামোগত উন্নয়ন। শনিবার সকালে তিনি স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিনের অনুষ্ঠানে এনএসডি প্রযোজিত ‘নকশাল মুক্ত ভারত’ শীর্ষক একটি নাট্য প্রযোজনা অনুষ্ঠিত হয়। এই পরিবেশনায় অংশ নেন মাওবাদী প্রভাবিত জেলার প্রায় ২০০০ শিল্পী। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০০০ শিল্পী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


