Shantanu Thakur
শান্তনু ঠাকুর

সিএএ-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় বার্তা শান্তনু ঠাকুরের

Bengal Liberty : নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে আবেদন করার ক্ষেত্রে আগামী দিনে আর বাংলাদেশি কোনও প্রমাণপত্রের প্রয়োজন হবে না। এমনই বড় দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুধু তাই নয়, যাঁদের এখনও তফসিলি জাতি (SC) শংসাপত্র নেই, তাঁরাও আগামী দিনে শংসাপত্র পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাকুরবাড়ি সফরের ঠিক আগেই শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার আগামীকাল, রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে সাজো সাজো রব। জোরকদমে চলছে প্রস্তুতি। শনিবার ঠাকুরবাড়িতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নিজে দাঁড়িয়ে থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিও খতিয়ে দেখেন তিনি।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানান শান্তনু ঠাকুর। তিনি বলেন, রবিবার দুপুরে ঠাকুরবাড়িতে পৌঁছে প্রথমে হরিমন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপর আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনের মঞ্চ থেকে বক্তব্য রাখবেন। পরে ঠাকুরবাড়িতে মধ্যাহ্নভোজ সেরে সেখান থেকে বেরিয়ে যাবেন তিনি। সেই অনুযায়ী যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে মুখ্যমন্ত্রীর সফরের পাশাপাশি এদিন সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সিএএ এবং মতুয়াদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি। শান্তনু ঠাকুর জানান, মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। রবিবারও এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তাঁর দাবি, আগামী দিনে সিএএ-তে আবেদন করার জন্য বাংলাদেশি কোনও প্রমাণপত্র জমা দিতে হবে না। পাশাপাশি যাঁদের তফসিলি জাতির শংসাপত্র নেই, তাঁরাও শংসাপত্র পাবেন।

স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে মতুয়া সমাজের একাংশের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব, সিএএ-তে আবেদনের প্রক্রিয়া এবং জাতিগত শংসাপত্র নিয়ে নানা প্রশ্ন ও জটিলতার কথা উঠে এসেছে। সেই আবহে মুখ্যমন্ত্রীর ঠাকুরবাড়ি সফরকে ঘিরে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব। এবার শুভেন্দুর সঙ্গে আলোচনায় এই সমস্যাগুলির কোনও নির্দিষ্ট সমাধানসূত্র উঠে আসে কি না, সেদিকেই তাকিয়ে মতুয়া সম্প্রদায়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।