Narendra Modi
Narendra Modi

নয়া মেট্রো থেকে নদী সংযোগের দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : দিল্লিতে ককরোচদের বিক্ষোভের মাঝেই তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার চেন্নাইয়ে মেট্রোর ফেজ ২-র পুনামাল্লি বাইপাস-ভাদাপালানি অংশের উদ্বোধন করলেন তিনি। অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নতুন মেট্রো প্রকল্পগুলির দ্রুত অনুমোদন এবং শিক্ষাখাতে বকেয়া ৫,১০০ কোটি টাকা নিঃশর্তে ছাড় করার দাবি জানিয়েছেন।

জাতীয় শিক্ষা নীতি, ২০২০ অনুসরণ করে চালু হতে যাওয়া পিএম-শ্রী স্কুল প্রকল্প বাস্তবায়নের জন্য তামিলনাড়ুর একটি চুক্তিতে স্বাক্ষর করার শর্তে তহবিল প্রদানের বিষয়টিকে কেন্দ্র যুক্ত করায় সৃষ্ট বিবাদের মধ্যেই এই দাবিটি উঠেছে।
এদিন ১৫ কিলোমিটারের এই মেট্রো রুটে জোসেফ বিজয়ের সঙ্গে সফরও করেন প্রধানমন্ত্রী মোদি। পরুর বাইপাস থেকে পুনামাল্লি পর্যন্ত সফর করেন তাঁরা। জানা যায়, চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের অংশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয় নগর পরিবহন, শিক্ষা তহবিল এবং নদী সংযোগ-সহ একাধিক দাবি তুলে ধরেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রুট তৈরিতে খরচ পড়েছে ৪৯০০ কোটি টাকা। যাত্রাপথে পড়বে ১১টি স্টেশন। পুরো মেট্রো রুটের মধ্যে ৩.৭ কিমি রাস্তায় রয়েছে ‘ডবল ডেকার স্ট্রাকচার’। ড্রাইভারলেস অপারেশনের জন্য উন্নত সিগন্যালিং। এই রুটে মেট্রো চালুর জেরে চেন্নাইয়ের পশ্চিম শহরতলির সঙ্গে মূল শহরের যোগাযোগ আরও সহজ হবে। আগামী সোমবার থেকে এই রুটে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।