Bengal Liberty : সোমবার রুবি হল ক্লিনিকে ভর্তি হয়েছেন এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ার। ফুসফুসের আবরণে ব্যথার সমস্যা থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিওলজিস্ট, চেয়ারম্যান এবং ম্যানেজিং ট্রাস্টি ডা. পারভেজ কে. গ্রান্ট জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
এনসিপি (এসপি) নেত্রী ও লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, “কাশি হওয়ার পর বাবাকে পুণের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তাঁর স্বাস্থ্যের সব সূচক স্থিতিশীল রয়েছে।” এনসিপি (এসপি)-এর প্রবীণ নেতা অঙ্কুশ কাকাডে জানিয়েছেন যে, দলের প্রধান শরদ পওয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরের একটি হাসপাতালে গিয়েছেন। তিনি বলেন, “তিনি খরাকবলিত এলাকাগুলোতে দু’দিনের সফরে ছিলেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে তাঁর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পরই তাঁর শারীরিক অবস্থা এবং বিশ্রামের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।” বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।


