আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে কোমর বেঁধে নামল কেন্দ্র
আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে কোমর বেঁধে নামল কেন্দ্র

আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে কোমর বেঁধে নামল কেন্দ্র

Bengal Liberty : আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বহুচর্চিত সংবিধান সংশোধন বিলটি পাশ করাতে এবার কোমর বেঁধে নামল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, সংসদে বিলটি পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বা সমর্থন অনেকটাই নিশ্চিত করতে পেরেছে শাসক শিবির। আর সেই কারণেই আগামী কয়েক দিনের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদি সরকার। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার ঠিক আগেই এই বিশেষ অধিবেশন ডেকে বিলটি আইনে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও কেন্দ্রের তরফে এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সরকার পক্ষের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে চর্চা থেমে থাকছে না। গত ১৩ অগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। সাধারণ সংসদীয় রীতি অনুযায়ী, কক্ষ মুলতুবি হওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও বাদল অধিবেশন সমাপ্তির কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ভারতের সংসদীয় ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কোনও অধিবেশন খাতায় কলমে চালু থাকার নজির নেই। অন্যদিকে, শীতকালীন অধিবেশনের সময়ও প্রায় দোরগোড়ায় চলে এসেছে।

কেন এই কৌশল? ঘটনা হল সংবিধান সংশোধন বিল পাশ করাতে গেলে সংসদের উভয় কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয়। এর আগেও একবার বিশেষ অধিবেশন ডেকে এই বিলটি পেশ করা হয়েছিল। সেবার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মিললেও দুই-তৃতীয়াংশ সমর্থনের অভাবে বিলটি আটকে যায়। সূত্রের দাবি, সেই পুরনো ব্যর্থতা এড়াতে গত প্রায় ছয় মাস ধরে পর্দার আড়ালে ব্যাপক রাজনৈতিক দৌত্য চালিয়েছেন বিজেপি নেতৃত্ব। একাধিক আঞ্চলিক ও বিরোধী দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন শাসক দলের শীর্ষ নেতারা। অবশেষে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থনের অঙ্ক কার্যত মিলে যাওয়ায় সরকার অত্যন্ত আত্মবিশ্বাসী।

যেহেতু বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়নি, তাই নতুন করে অধিবেশন ডাকার দীর্ঘ প্রক্রিয়ার বদলে দ্রুত বিশেষ বৈঠক বা অধিবেশন ডেকে বিলটি পাশ করিয়ে নেওয়া সরকারের পক্ষে কৌশলগতভাবে অনেক সহজ হবে। সেই চেষ্টাই কেন্দ্রের তরফে করা হচ্ছে বলে সূত্রের খবর। বাদল অধিবেশন সমাপ্ত ঘোষণা না করা নিয়ে প্রথম থেকেই সরব ছিল কংগ্রেস-সহ বিরোধী শিবির। বিরোধীদের অভিযোগ ছিল, আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর গোপন অভিসন্ধি থেকেই অধিবেশন ঝুলিয়ে রাখা হয়েছে।

কেন্দ্রের সাম্প্রতিক তৎপরতায় বিরোধীদের সেই আশঙ্কাই এখন সত্যি হতে চলেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনও উপায়ে দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন এবং সংসদে ‘বুলডোজার নীতি’ কায়েম করতে চাইছেন। তবে সরকারের এই পদক্ষেপ রুখতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এবং এই পরিকল্পনা ব্যর্থ করে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ আইন কার্যকর হলে দেশের নির্বাচনী মানচিত্র ও রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন আসবে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা কমে যাওয়া বা উত্তর ভারতের প্রভাব বাড়ার আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে বিতর্ক চলছে। ফলে শীতকালীন অধিবেশনের প্রাক্কালে কেন্দ্রের এই সম্ভাব্য বিশেষ অধিবেশন ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত সত্যিই কেন্দ্রীয় সরকার এই পথে হাটে কি না এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।