Bengal Liberty : সমাজমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে ভবানীপুর থানায় হাজির হতে বলা হয়েছে। অভিযোগ, গত ২ মে এক্স হ্যান্ডলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে আপত্তিকর মন্তব্য করেছিলেন অভিষেক। সেই পোস্টের ভিত্তিতে গত ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ওই মামলাতেই সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এখন দেখার, নির্ধারিত সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় হাজিরা দেন কি না।
কী ছিল অভিষেকের পোস্টে?
গত ২ মে সমাজমাধ্যমের প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। ওই পোস্ট নিয়ে আপত্তি জানিয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, অভিষেক তাঁর পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর অভিযোগ, এই ধরনের মন্তব্যের মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও অভিযোগ।অভিযোগের ভিত্তিতে গত ২৭ মে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে বিদ্বেষ ছড়ানো, হিংসায় উস্কানি, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগ রয়েছে।
কী দাবি অভিযোগকারীর?
অভিযোগকারী অর্ণবকান্তির বক্তব্য, একজন সাংসদ হিসেবে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকা সত্ত্বেও অভিষেকের এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। তাঁর দাবি, কোনও একটি সম্প্রদায়ের মানুষকে ‘গ্যাং’ বা অপরাধী চক্রের সঙ্গে তুলনা করা শুধু সেই সম্প্রদায়ের অপমান নয়, দেশের বহুত্ববাদী সংস্কৃতির পক্ষেও ক্ষতিকর। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এই ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে। দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী এমন বক্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন বলেও দাবি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই এবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ভবানীপুর থানার পুলিশ।
আরও খবর
উল্লেখ্য, শুক্রবারও অন্য একটি মামলায় অভিষেকের বাড়িতে হাজিরার নোটিস দিতে যায় পুলিশ। গিরিশ পার্ক থানাতেও তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছিলেন। সেই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে গিরিশ পার্ক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


