Bengal Liberty : পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল পুলিশ। প্রায় ১টা নাগাদ থানায় পৌঁছন তিনি। তবে অভিষেকের হাজিরাকে কেন্দ্র করে থানার বাইরে তৈরি হয় উত্তেজনা। একদিকে তাঁর সমর্থনে তৃণমূল কর্মীদের স্লোগান, অন্যদিকে বিজেপি সমর্থকদের পাল্টা বিক্ষোভ। দুই শিবিরের স্লোগানযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক থানা চত্বর।
অভিষেকের সমর্থনে তৃণমূল কর্মীদের জমায়েত
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক থানায় পৌঁছনোর আগেই গিরিশ পার্ক থানার সামনে জড়ো হতে শুরু করেন মমতা তৃণমূলের সমর্থকেরা। উপস্থিত ছিলেন দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীও। তাঁদের বক্তব্য, অভিষেক থানা থেকে বেরিয়ে না আসা পর্যন্ত তাঁরা সেখানেই অপেক্ষা করবেন। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে অভিষেককে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। অভিষেক থানায় পৌঁছতেই তাঁর সমর্থনে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন বিজেপি সমর্থকেরাও। অভিষেক এবং কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিতে থাকেন তাঁরা। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য,” হামলা, অশান্তিটা হলই। ভেতরে অভিষেক। আমাদের মহিলা কর্মীদের তাড়া করল বিজেপি।” আরও বলেন, “থানার নোটিসে অভিষেক থানায় গেছে। সেখানে বিজেপি জমায়েত হবে কেন? বারবার বলেছি আমরা। চিঠি দিয়েছি পুলিশ প্রশাসনকে। তার পরেও অশান্তি চলছে। কেন বিজেপিকে জমায়েত হতে দিল পুলিশ? কেন হামলা হতে দিল?”
আরও খবর
কোন মন্তব্য ঘিরে মামলা?
বস্তুত, পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়া এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। গত অক্টোবরে এক সভা থেকে তিনি বলেছিলেন, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে। ভবিষ্যতে সমস্ত হিসাব নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নিশানা করেও মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, “পশ্চিম মেদিনীপুরের পুলিশ এসপি, তাঁর কোথায় কোন আইনজীবীর সঙ্গে সম্পর্ক, সর্বজনবিদিত।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুশি করতে তৃণমূলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন অভিষেক। তাঁর সেই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতেই দায়ের হয়েছে মামলা।


