Bengal Liberty : উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের দিকনগরে AIIMS তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানালেও রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, নতুন AIIMS তৈরির উদ্যোগ অবশ্যই ভালো। কিন্তু তার আগে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতাল পর্যন্ত ভেঙে পড়া পরিকাঠামো মেরামত করা জরুরি।
রায়গঞ্জে AIIMS নিয়ে প্রিয়রঞ্জনের উদ্যোগের কথা স্মরণ অধীরের
অধীরের দাবি, রায়গঞ্জে AIIMS তৈরির প্রস্তাব প্রথম দিয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি। ইউপিএ সরকারের আমলে সেই প্রস্তাবে সম্মতিও মিলেছিল। কাজ শুরুর জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থাও হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার কারণে শেষ পর্যন্ত রায়গঞ্জ থেকে AIIMS চলে যায় কল্যাণীতে।অধীর বলেন, “আমরা বলেছিলাম কল্যাণীতে হোক, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু রায়গঞ্জকে কেন বাদ দেওয়া হল? রায়গঞ্জে AIIMS হলে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির মানুষও উপকৃত হতেন।” তাঁর মতে, ভালো উদ্যোগকে রাজনৈতিক কারণে বাধা দেওয়া উচিত নয়। তবে নতুন AIIMS তৈরির ঘোষণা ঘিরে কিছু মৌলিক প্রশ্নও রয়েছে।
ডেঙ্গি, চিকিৎসকের অভাব, বেহাল হাসপাতাল নিয়ে সরব কংগ্রেস নেতা
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে অধীরের অভিযোগ, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, বেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। বহু হাসপাতালে চিকিৎসকের ঘাটতি এবং রোগীর অতিরিক্ত চাপের কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে। সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে মানুষ বাধ্য হয়ে বেসরকারি নার্সিংহোমে যাচ্ছেন। এতে বহু পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছে। শহর ও গ্রামের স্বাস্থ্য পরিষেবার মধ্যেও বড় ফারাক রয়েছে বলে দাবি তাঁর। বিশেষ করে গ্রামীণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অধীরের কথায়, “AIIMS অনেক বড় ব্যাপার। হোক, খুব ভালো কথা। কিন্তু বেসিক ট্রিটমেন্ট এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার দিকে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতাল-সবই আজ ধুঁকছে। শুধু একটা AIIMS করব বলে ঘোষণা করলেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সব সমস্যার সমাধান হবে না।” তাঁর বক্তব্য, নতুন হাসপাতাল তৈরির পাশাপাশি বিদ্যমান স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, চিকিৎসক নিয়োগ এবং গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করাও সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।


