Bengal Liberty : ফের ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গেলেন দমকল আধিকারিকরা। অগ্নিনিরাপত্তা নিয়ে বিতর্কের মধ্যেই আবারও পরিদর্শনে নামল দমকল বিভাগ। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে আগাম নোটিস দিয়েই বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে পৌঁছন দমকলের আধিকারিকেরা। অভিষেকের দফতর-সহ গোটা ভবন ঘুরে দেখেন তাঁরা। পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তা সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করে জমা দেবে দমকল বিভাগ। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
আদালতের নির্দেশ মেনেই পরিদর্শন
এই পরিদর্শনের জন্য মঙ্গলবারই মমতাপন্থী তৃণমূল শিবিরে নোটিস পাঠিয়েছিল দমকল বিভাগ। সেখানে জানানো হয়, বৃহস্পতিবার ১৯ নভেম্বর আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটের অফিসে যাবেন। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় সেই নোটিস গ্রহণ করেন। নির্ধারিত সূচি মেনেই এ দিন ৯ ক্যামাক স্ট্রিটে পৌঁছন দমকল আধিকারিকেরা। প্রসঙ্গত, ওই ভবনের সপ্তম ও অষ্টম তলায় রয়েছে অভিষেকের দফতর। এক দিন আচমকা ওই ভবনে পরিদর্শনে যায় দমকল বাহিনী। সব ক’টি তলা ঘুরে দেখার পর ভবনের মালিককে নোটিস পাঠানো হয়, ভবনটি খালি করার।
হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল
দমকল বিভাগের অভিযোগ ছিল, অভিষেকের দফতর যে তলায় রয়েছে, সেখানে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেই কারণে দ্রুত দফতর খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপর ভবনের মালিকপক্ষও অভিষেকের দফতর খালি করার কথা জানায়। দমকলের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাটের তৃণমূল শিবির।
আরও খবর
বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলার শুনানিতে আদালত জানায়, দমকল বিভাগ ফের পরিদর্শনে যেতে চাইলে আগাম নোটিস দিতে হবে। সেই নোটিসে পরিদর্শনের নির্দিষ্ট দিনও উল্লেখ করতে হবে। পাশাপাশি, পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা প্রয়োজন, তা তৃণমূলকে জানাতে হবে। সেই নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে দলকে। নির্দেশিকা অমান্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে দমকল বিভাগ। আদালতের সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার ফের পরিদর্শনে গেলেন দমকল আধিকারিকরা। এখন দমকলের রিপোর্টে কী কী ত্রুটি উঠে আসে এবং তার ভিত্তিতে কী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়, সেদিকেই নজর।


