CM Suvendu Adhikari
হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ছটপুজোর মঞ্চ থেকে বাম-তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর, ‘কমিউনিস্ট ও জামাতিদের শেষ করব’

বৃহস্পতিবার ছটপুজোর আগে হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই পূর্ববর্তী সরকারগুলির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকার বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের মানুষকে ‘বহিরাগত’ তকমা দিত। অথচ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের প্রতি তাদের মনোভাব ছিল সম্পূর্ণ আলাদা। মুখ্যমন্ত্রীর কথায়, “আগের সরকারের একটাই কাজ ছিল, ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করা। বিহার, উত্তরপ্রদেশ, মারাঠিদের বহিরাগত বলত। আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জামাই আদর করত।”

তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে শুভেন্দুর প্রশ্ন, মুসলিমদের মধ্যে বাংলাভাষী ও উর্দুভাষীদের কখনও আলাদা করে দেখা হয়নি। অথচ বিজেপিকে বারবার অবাঙালিদের দল বলে প্রচার করা হয়েছে। শুধু ভাষা নয়, পুজোর ক্ষেত্রেও পূর্ববর্তী সরকার বিভাজনের রাজনীতি করেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, ছটপুজোকে বিহারের এবং রামনবমীকে উত্তরপ্রদেশের উৎসব বলে দাগিয়ে দেওয়া হত। দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো, রামনবমী থেকে ছট-সব উৎসবই সনাতনীদের ঐক্যের প্রতীক বলে জানান তিনি। শুভেন্দুর কথায়, “আজ গোটা বিশ্বের সনাতনীরা একসঙ্গে সব পুজো করছেন।” তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে পিতৃপক্ষ এবং রামনবমী নিয়েও বিতর্ক তৈরি করা হত। রামনবমীর মিছিলে পাথর ছোড়ার ঘটনাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “তৃণমূলের আমলে রামনবমীর মিছিলে পাথর ছোড়া হয়েছে।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ‘বহিরাগত’ প্রচারের প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিভাজনের সেই রাজনীতি এবার আর কাজে আসেনি। নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনী ফলের উল্লেখ করে শুভেন্দুর বক্তব্য, সংখ্যালঘুদের সমর্থনও বর্তমান সরকারের দিকে এসেছে। বাংলায় মৌলবাদ ও জঙ্গিবাদের কোনও জায়গা নেই বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

এদিন দুর্নীতির অভিযোগেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভাষা ও ধর্মের নামে বিভাজন তৈরি করে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে পূর্ববর্তী সরকার। সেই সময়ে ২০-৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দুর হুঁশিয়ারি, “কাউকে ছাড়ব না। সবাইকে জেলে ঢোকাব। সবে ছয় মাস হয়েছে। আরও অনেক কিছু দেখা বাকি।” বামপন্থী ও জামাতপন্থীদের উদ্দেশেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কমিউনিস্ট এবং জামাতি সবাইকে শেষ করব। কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না।” উল্লেখযোগ্যভাবে, ভাষণের শেষ পর্বে তিনবার ‘ছটি মাইয়া কি জয়’ স্লোগান দেন শুভেন্দু।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।