Bengal Liberty : কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফের হানা দিলেন তদন্তকারী আধিকারিকেরা। মঙ্গলবার দুপুর নাগাদ টালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত তাঁর দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পৌঁছন তাঁরা। তদন্তকারীদের মূল নজর, ফিরহাদের কারখানার জমি ওয়াকফ সম্পত্তির অন্তর্ভুক্ত কি না, তা খতিয়ে দেখা।
সূত্রের খবর, ওয়াকফ বোর্ডের জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তের সূত্রেই এই অভিযান। জমির মালিকানা এবং সংশ্লিষ্ট সম্পত্তির নথিপত্র খতিয়ে দেখছেন আধিকারিকেরা। তদন্তে কলকাতা পুরসভার কর রাজস্ব ও সার্ভে বিভাগের আধিকারিকদের পাশাপাশি ওয়াকফ বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। প্রতিষ্ঠানের অফিসে ঢুকে তাঁরা নথিপত্র পরীক্ষা করছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। প্রতিষ্ঠানের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ।
এর আগেও নিউ আলিপুরের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে তদন্ত চালিয়েছিলেন আধিকারিকেরা। ‘হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘হাকিম কেমিক্যালস’ নামে প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী দু’টি সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হয়েছিল। সংস্থা দু’টির সম্পত্তির মালিকানা নিয়েও সংশয় থাকার অভিযোগ সামনে এসেছিল।
আরও খবর
এ বার পুরসভার আধিকারিকদের পাশাপাশি ওয়াকফ বিভাগের প্রতিনিধিদের উপস্থিতি ঘিরে তদন্তে নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে। কারখানার জমির মালিকানা, জমিটি ওয়াকফ সম্পত্তির অন্তর্ভুক্ত কি না এবং সংশ্লিষ্ট নথিপত্রে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
তবে কারখানার জমিটি আদৌ ওয়াকফ সম্পত্তি কি না, কিংবা জমির মালিকানা সংক্রান্ত কোনও অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।


