Nabanna
মিলছে না নবান্নের জবাব, পুরভোটের প্রস্তুতি ঘিরে চরম অনিশ্চয়তা

মিলছে না নবান্নের জবাব, পুরভোটের প্রস্তুতি ঘিরে চরম অনিশ্চয়তা

Bengal Liberty : একের পর এক চিঠি পাঠানো সত্ত্বেও অধরাই রয়ে গিয়েছে নবান্নের জবাব। আর তাতেই কার্যত হাত-পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের এমন টানা নীরবতায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে কমিশন ভবনের অন্দরে। আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভার ভোটপ্রস্তুতি ঠিক কোন পথে এগোবে, ভোটের কাজের জন্য কত হাজার পুলিশকর্মী বা বুথকর্মী মিলবে, তা নিয়েও সম্পূর্ণ ধোঁয়াশায় কমিশনের শীর্ষকর্তারা। কমিশনের একাংশের স্পষ্ট মত, নবান্ন ও নির্বাচন কমিশন, এই দুই প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে ন্যূনতম সমন্বয়ের অভাবেই নির্বাচনী প্রক্রিয়া শুরুর মুখেই এমন অচলাবস্থা তৈরি হয়েছে।

এর মধ্যেই নতুন করে জটিলতা বাড়িয়েছে প্রতিটি ওয়ার্ডে এক জন করে ‘কো-অর্ডিনেটর’ বা সমন্বয়ক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা। রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হলেও নির্বাচনী প্রক্রিয়ায় ওই কো-অর্ডিনেটরদের আইনি অবস্থান ঠিক কী হবে, কিংবা তাঁদের ক্ষমতা ও এক্তিয়ার কতখানি, তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তিতে কমিশন। কর্তারা মনে করছেন, বিষয়টি যেহেতু পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক্তিয়ারভুক্ত, তাই ওই দপ্তরের স্পষ্ট নির্দেশিকা ছাড়া কমিশনের পক্ষে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। উদ্ভূত পরিস্থিতিতে পুরনো নথিপত্র ঘেঁটে অতীত দৃষ্টান্ত খোঁজার চেষ্টা করছেন আধিকারিকেরা। অতীতে পুরভোটে বা পুর প্রশাসক মণ্ডলীর মেয়াদে কো-অর্ডিনেটর সংক্রান্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কমিশন সূত্রে খবর, পুরভোটের প্রাথমিক আয়োজনের জন্য একগুচ্ছ প্রশাসনিক স্পষ্টীকরণ চেয়ে বারবার চিঠি দেওয়া হয়েছে পুর দপ্তরকে। কিন্তু সেই সব চিঠির উত্তরে দফতর রহস্যজনক নীরবতা বজায় রাখায় একাধিক নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত আটকে রয়েছে। একদিকে কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে প্রশাসনিক স্তরে তথ্যের আদানপ্রদানে এমন শিথিলতা, জোড়া ফলাতেই নির্বাচন কবে এবং কীভাবে করা সম্ভব হবে, তা নিয়ে সংশয়ের মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে।

এদিকে প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে নবান্ন ও কমিশনের মধ্যে যদি এই স্তরের সমন্বয়হীনতা বজায় থাকে, তবে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক নিরাপত্তা ও ভোট পরিচালনায়। শেষ মুহূর্তে চরম বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহায়তা দিয়ে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন কমিশন কর্তারা। তবে নবান্ন ও কমিশনের এই টানাপোড়েনের মধ্যেও কিছুটা আশার আলো দেখছেন রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক। তাঁর বক্তব্য, ‘বিষয়টি এখন বিচারধীন। আদালত থেকে স্পষ্ট নির্দেশ বা রায় এলেই সমন্বয়ের সমস্ত ঘাটতি দ্রুত মিটে যাবে। আমরা আশাবাদী, ভোট আয়োজনে শেষ পর্যন্ত কোনও প্রশাসনিক বাধা থাকবে না।’

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।