Bengal Liberty : উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের পানিহাটিতে বিজেপি কর্মী খুন এবং দলের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে আসরে নামল রাজ্য বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করল পদ্মশিবির। জানা গিয়েছে, এই কমিটির নেতৃত্ব দেবেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তাঁর সঙ্গে কমিটিতে থাকছেন রাজ্য সম্পাদক নীলাঞ্জন অধিকারী এবং সোনালি মুর্মু। পানিহাটির ঘটনায় নেপথ্যের আসল সত্যি কী, তা খতিয়ে দেখেই রাজ্য সভাপতিকে আগামী তিন দিনের মধ্যেই এই টিম রিপোর্ট জমা দেবে।
সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত বিজেপি পার্টি অফিসেই ছিলেন পানিহাটির বিজেপি নেতা তথা জেলা সভাপতি চণ্ডীচরণ। তাঁকে নিয়েই দীর্ঘ বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্ব। ঘটনাচক্রে, তাঁর বিরুদ্ধেই অভিযোগ তুলেছিলেন পানিহাটির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। রত্না দেবনাথের অভিযোগ, পানিহাটিতে দলের কোন্দল এবং দলীয় কর্মীর মৃত্যুর নেপথ্যে চণ্ডীর ভূমিকা রয়েছে। রবিবার সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছিলেন রত্না। অভ্যন্তরীণ কোন্দল ও আঁতাতের জেরে পানিহাটিতে আজ চরম অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন রত্না দেবী। পুরো বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন বলে জানান। ঘটনায় নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব।


