Bengal Liberty : বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হলেন শাখারভ সরকার। রেজিনগর উপনির্বাচনে বিপুল মার্জিনে জয়লাভ করেন তিনি। এর পরেই এই নতুন দায়িত্ব পেলেন শাখারভ। মলয় মহাজনকে সরিয়ে দল তাঁকে পুনরায় দায়িত্ব দিল। এর আগেও বিজেপির সভাপতি হিসেবে জেলায় সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, মলয় মহাজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছিলেন খোদ দলের কর্মীরাই। সম্প্রতি একটি কালী পুজোকে কেন্দ্র করে কয়েক লক্ষ টাকা চাঁদার জুলুমের অভিযোগ ওঠে মলয়বাবুর বিরুদ্ধে।
শুধু তাই নয়, গত কয়েকদিন মলয় মহাজন সাংগঠনিক কাজে যেখানেই গিয়েছেন সেখানেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন দলের নিচু তলার নেতা কর্মীরা। এর ফলে স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। এরপরেই কড়া পদক্ষেপ করে গেরুয়া শিবির। এবার তাই তাঁকে সরিয়ে শাখারভকে দায়িত্ব দেওয়ায় যথেষ্ট খুশি কর্মী-সর্মথকদের একাংশ। শাখারভ নতুন দায়িত্ব পেয়ে বলেন, ‘এই দায়িত্ব অনেকটাই উজ্জীবিত করবে দলীয় কর্মীদের। সমস্ত নেতা-কর্মীদের গুরুত্ব দিয়ে বিজেপির সার্বিক বিকাশ করাই হবে আমার লক্ষ্য।’ এই আশ্বাস দিয়েছেন তিনি।


