Bengal Liberty : হাওড়ায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘নিখোঁজ’ বলে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। সমাজবাদী পার্টির পক্ষ থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পোস্টারে সাংসদকে কটাক্ষ করে তাঁর ‘খোঁজ’ চাওয়া হয়েছে। পাশাপাশি, সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে, কোথাও তাঁকে দেখতে পেলে যেন সমাজবাদী পার্টিকে খবর দেওয়া হয়।
একটি পোস্টারে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, ‘নিখোঁজ, নিখোঁজ, নিখোঁজ।’ তার নীচে সাধারণ মানুষের উদ্দেশে লেখা হয়েছে, যদি কেউ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখতে পান, তাহলে যেন সমাজবাদী পার্টিকে সেই খবর জানান। পোস্টারে আরও দাবি করা হয়েছে, সাংসদকে খুঁজতে খুঁজতে তাঁরা ‘সত্যিই অসহায়’ হয়ে পড়েছেন।
অন্য একটি পোস্টারে আরও কড়া ভাষায় সাংসদকে নিশানা করা হয়েছে। সেখানে লেখা, “ও প্রসূনবাবু, আপনি তো খুব মস্তিতে আছেন, কিন্তু আমরা তো স্বস্তিতে নেই। আপনাকে কোথায় পাওয়া যাবে, বলবেন? অনেক দিন ধরে আপনাকে খুঁজছি।” এই পোস্টার ঘিরেই হাওড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
আরও খবর
সমাজবাদী পার্টির তরফে সাংসদের জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়েই মূলত প্রশ্ন তোলা হয়েছে। দলের অভিযোগ, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব এলাকার মানুষের পাশে থাকা এবং তাঁদের সমস্যা শোনা। সেই জায়গা থেকেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
এই প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতা রুদ্রনীল ঘোষ বলেন, “মানুষকে পরিষেবা দেওয়া জনপ্রতিনিধিদের কাজ। কিন্তু সত্যিই অনেক দিন সাংসদকে দেখা যাচ্ছে না।” তাঁর বক্তব্য, এলাকার মানুষের সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা শুনতে জনপ্রতিনিধির নিয়মিতভাবে তাঁদের পাশে থাকা উচিত।
তবে সমাজবাদী পার্টির এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সাংসদকে ‘নিখোঁজ’ আখ্যা দিয়ে পোস্টার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন প্রশ্ন, এই পোস্টারের পর সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসে কি না।


