Bengal Liberty: মুর্শিদাবাদের সুতি ও সামশেরগঞ্জ বিধানসভা এলাকার চার বাসিন্দাকে শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিক সন্দেহে ছত্তিশগড়ে আটক হওয়া মুর্শিদাবাদ জেলার ২৩ জনের মধ্যে ছিলেন সাফিকুল ইসলাম, সাবির শেখ, নাসিরউদ্দিন শেখ এবং লাল্টু শেখ। তাঁদের মধ্যে ১৯ জন আগেই মুক্তি পেয়েছিলেন। কিন্তু SIR-এর বিচার প্রক্রিয়ায় তাঁদের নাম থাকায় এই চারজন আটক ছিলেন। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সমাজমাধ্যমে পোস্ট করে এই দাবি করেছেন।

জেলাশাসকের রিপোর্ট না মেলায় হাই কোর্টে পরিবারের সদস্যরা
সামিরুলের দাবি, ছত্তিশগড় প্রশাসন ওই চারজন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা কি না, তা জানতে মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছিল। কিন্তু সেই রিপোর্ট দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্যদের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। এরপর আদালতের হস্তক্ষেপের পরই চারজনকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সাংসদ।
সামিরুল তাঁর পোস্টে সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, নাগরিকদের অধিকার ও স্বার্থরক্ষা করা প্রশাসনের দায়িত্বের অংশ। কোনও জেলার বাসিন্দাকে নিয়ে অন্য কোনও প্রশাসন তথ্য বা রিপোর্ট চাইলে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে প্রকৃত ও তথ্যভিত্তিক রিপোর্ট দেওয়া উচিত।জেলাশাসক-সহ প্রশাসনের আধিকারিকদের নিরপেক্ষভাবে মানুষের সেবা করার কথা, এমনটাই মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, এই ধরনের পরিস্থিতিতে নাগরিকদের সাহায্য করা কোনও দয়া বা অনুগ্রহ নয়, বরং প্রশাসনিক দায়িত্ব। শেষে সামিরুল বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ঘটনায় আদালতই তাঁদের জন্য শেষ আশার আলো হয়ে দাঁড়িয়েছে।


