Bengal Liberty : পুজোর পরেই পুরভোটের প্রস্তুতি শুরু হবে। তার আগেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করল বিজেপি। ইচ্ছুক প্রার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনে ড্রপবক্স চালু করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার থেকে সেখানে নিজেদের আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। রবিবার সাংবাদিক সম্মেলনে এই ড্রপবক্সের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শিল্পমন্ত্রী তাপস রায়। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতারাও।
এ দিন সুকান্ত মজুমদার স্পষ্ট জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক বিষয় বিবেচনা করা হবে। তাঁর কথায়, “প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম জেতার ক্ষমতা গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তি, শক্তিশালী সাংগঠনিক দক্ষতা-সহ অন্যান্য বিষয়গুলিও অগ্রাধিকার পাবে।” শুধু বিজেপির নেতা-কর্মীরাই নন, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সমাজসেবী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও প্রার্থী হিসেবে আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। গ্যালারিতে বসে হাততালি না দিয়ে সরাসরি মাঠে নেমে কাজ করার বার্তা দিয়ে যুবসমাজকেও রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান সুকান্ত।
‘প্রোমোটার রাজ’ বন্ধ করাই লক্ষ্য
কলকাতায় স্বচ্ছ পুরনিগম গড়ার প্রতিশ্রুতি দিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমরা চাই স্বচ্ছ পুরনিগম তৈরি করতে। কোনও প্রোমোটার রাজ বা ডেভেলপাররা পুরনিগম চালাবে না। এগুলো বন্ধ হবে।”
আরও খবর
যুবসমাজকে সঙ্গে নিয়ে নতুন কলকাতা গড়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। স্টার্টআপের বিকাশ, খেলাধুলা, দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, উন্নত গণপরিবহণ এবং ডিজিটাল পরিষেবার প্রসারে যুবক-যুবতী ও ছাত্রছাত্রীদের সঙ্গে ওয়ার্ডভিত্তিক সংলাপের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে নতুন সরকারের বিশেষ ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন সুকান্ত।
পুরভোটে একাই লড়বে বিজেপি?
জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে সুকান্ত জানান, রাজ্য সভাপতি আগেই জানিয়েছেন, ২০৯টি আসনে বিজেপি একাই লড়বে। পুজোর পর পুরভোটের প্রস্তুতি আরও জোরদার হবে বলেও ইঙ্গিত দেন তিনি। প্রার্থী বাছাইয়ের জন্য আবেদন জমা নেওয়ার এই উদ্যোগের মাধ্যমে পুরভোটের আগে সংগঠনকে আরও সক্রিয় করতে চাইছে বিজেপি। এখন নজর, আবেদনকারীদের মধ্যে থেকে কাদের প্রার্থী হিসেবে বেছে নেয় দল।


