গ্রামীণ হাট বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রীকে অধীরের চিঠি, জীবিকা রক্ষায় দ্রুত পদক্ষেপের আর্জি
গ্রামীণ হাট বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রীকে অধীরের চিঠি, জীবিকা রক্ষায় দ্রুত পদক্ষেপের আর্জি

গ্রামীণ হাট বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রীকে অধীরের চিঠি, জীবিকা রক্ষায় দ্রুত পদক্ষেপের আর্জি

Bengal Liberty : বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বন্ধ হয়ে যাওয়া এবং প্রশাসনিক বিধিনিষেধের জেরে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। ১২ নভেম্বরের ওই চিঠিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে চলে আসা গ্রামীণ হাটগুলির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা এবং কৃষক, ব্যবসায়ী, কারিগর ও সাধারণ মানুষের জীবিকা সুরক্ষিত করার আবেদন জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অধীরবাবু উল্লেখ করেছেন, বাংলার গ্রামীণ হাট শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি এবং সামাজিক জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষক সেখানে নিজেদের উৎপাদিত ফসল, কারিগর তাঁদের হাতে তৈরি সামগ্রী, ক্ষুদ্র ব্যবসায়ী প্রয়োজনীয় পণ্য এবং পশুপালক গবাদি পশু কেনাবেচা করে আসছেন। ফলে কোনও একটি হাট বন্ধ হয়ে গেলে শুধু একটি বাজার বন্ধ হয় না, বহু পরিবারের উপার্জনের পথও বন্ধ হয়ে যায়।

চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, কিছু বহুমুখী গ্রামীণ হাটকে শুধুমাত্র পশুর হাট হিসেবে বিবেচনা করে বন্ধ করে দেওয়া বা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। অধীরের প্রশ্ন, কোনও একটি হাটে গবাদি পশু কেনাবেচা হয় বলেই সেখানে অন্যান্য বৈধ ব্যবসাও বন্ধ করে দেওয়া কতটা যুক্তিসঙ্গত?

এই প্রসঙ্গে আইনি বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ কৃষিজ পণ্য বিপণন (নিয়ন্ত্রণ) আইন, ১৯৭২-এর ২০১৭ সালের সংশোধনের পর পশুপালন সংক্রান্ত বিষয় নিয়ে আইনের প্রযোজ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা হাই কোর্টের WPA 16049/2021 মামলায় ২০২২ সালের ৮ এপ্রিল সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে জবরদস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার অন্তর্বর্তী নির্দেশের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ২০১৭ সালের বিধিতে পশুহাটের নিবন্ধন ও নিয়ন্ত্রিত পরিচালনার ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে।

অধীরবাবু সংবিধানের ১৯(১)(জি) অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে বলেছেন, নাগরিকদের আইনসঙ্গত ব্যবসা করার অধিকার রয়েছে। জনস্বার্থে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা গেলেও তার ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা অকারণে বিপন্ন হচ্ছে কি না, তা সরকারের বিবেচনা করা প্রয়োজন।

মুখ্যমন্ত্রীর কাছে চার দফা আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যের কোন কোন ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বন্ধ রয়েছে, বন্ধের কারণ কী এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশের আইনগত ভিত্তি কী—তা প্রকাশের দাবি করেছেন। প্রযোজ্য আইন মেনে হাটগুলির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার পাশাপাশি প্রয়োজনীয় নিয়ন্ত্রণ বজায় রেখে অন্যান্য বৈধ ব্যবসা ও সংশ্লিষ্ট মানুষের জীবিকা সুরক্ষার আর্জি জানিয়েছেন।

এছাড়া হাট বন্ধের কারণ ও আইনি ভিত্তি প্রকাশ করে কৃষক, ব্যবসায়ী এবং হাট পরিচালনাকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তিনি। তাঁর বক্তব্য, উন্নয়নের নামে নতুন বাজার তৈরি হলেও বাংলার শতাব্দীপ্রাচীন গ্রামীণ হাট যেন হারিয়ে না যায়। কারণ, একটি হাটের সঙ্গে শুধু কেনাবেচা নয়, বহু মানুষের সংসার, সন্তানের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার প্রশ্ন জড়িয়ে রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।