Bengal Liberty : মতুয়া সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে বিভাজিত করার চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক মতুয়া গোসাঁই সম্মেলনের মঞ্চ থেকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় ছিল তৃণমূল সরকারের আমলে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিরোধিতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এ দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সিএএ আইন আনলেও, সেই আইনকে ঘিরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল তৎকালীন তৃণমূল সরকার।
উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই তার বিরোধিতা করে এসেছে তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার সিএএ-র বিরোধিতা করেছেন। এই আইন কার্যকর হলে মানুষের নাগরিকত্ব হারানোর আশঙ্কা তৈরি হতে পারে বলে তৃণমূলের তরফে প্রচার করা হয়েছিল। অন্যদিকে, কেন্দ্রের বক্তব্য ছিল, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া এই আইনের উদ্দেশ্য নয়।
শুভেন্দুর বক্তব্য, আগের সরকারের বিরোধিতা এবং রাজনৈতিক প্রচারের জেরে মতুয়া সমাজের একাংশের মধ্যে সিএএ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্ধারিত নিয়মাবলির উপর আস্থা রেখে বহু মানুষ নাগরিকত্বের শংসাপত্রের জন্য আবেদন করেছেন। সেই আবেদনগুলির শুনানি দ্রুত শেষ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় আড়াই লক্ষ আবেদনকারীর হাতে সিএএ-র শংসাপত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রার কথাও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই রাজ্যে প্রায় ২৫ হাজার মানুষ এই শংসাপত্র পেয়েছেন।
আরও খবর
নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিএএ-র মাধ্যমে যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও এদিন আশ্বাস দেন শুভেন্দু। তাঁর কথায়, “আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত মামলার শুনানি নিষ্পত্তি করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট সিএএ-র মাধ্যমে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া নির্দিষ্ট সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। এই শংসাপত্র হাতে পাওয়ার মধ্য দিয়েই মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের নাগরিকত্বের দাবির স্বীকৃতি মিলবে বলে দাবি সরকারের।


