Suvendu Adhikari
ব্রিগেডে রাজ্য পুলিশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

‘সিভিক নির্ভর’ পুলিশ, বেহাল থানা! তৃণমূলকে তুলোধনা শুভেন্দুর

শনিবার ব্রিগেডে রাজ্য পুলিশের অনুষ্ঠানে দাঁড়িয়ে পূর্বতন সরকারের পুলিশি ব্যবস্থাকে নিশানা করেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকারের আমলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড না থাকায় নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা ছিল। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কথাও তুলে ধরে তিনি বলেন, “ওবিসি রিজার্ভেশনের পদ্ধতিই ভুল ছিল। আমরা ঠিক করেছি।” তাঁর বক্তব্য, আইনি বাধা কাটিয়ে পুজোর আগেই ১১ হাজারের বেশি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী শুক্রবার নিজের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

পুলিশের পরিকাঠামোর বেহাল দশা বোঝাতে ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় নিজের পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মনে হবে ১০০ বছরের পুরোনো বাড়ি, চেয়ার-টেবিল, অগ্নি নির্বাপক ব্যবস্থারও সময় পেরিয়ে গিয়েছে।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “এসব পাল্টাতে হবে, পাল্টে যাবে।” জরুরি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে প্রত্যেক থানায় চারটি করে গাড়ি ও চারটি মোটরবাইক দেওয়ার পরিকল্পনার কথা জানান শুভেন্দু। গাড়ি চালানোর জন্য ১,৫০০ চালক নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি মহালয়ার দিনই সরকারি কর্মীদের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ষষ্ঠীর মধ্যে ২০ শতাংশ ডিএ-সহ অক্টোবরের অগ্রিম বেতন পেয়ে যাবেন।”

Suvendu Adhikari
ব্রিগেডে রাজ্য পুলিশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নেও পূর্বতন সরকারের বিরুদ্ধে সরব হন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগে পুলিশকে কার্যত হাত-পা বেঁধে কাজ করতে হত। পুলিশকর্মীদের উপর হামলার প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কোনও পুলিশের গায়ে হাত দিলে তার অবস্থা খারাপ হবে।” আসানসোলে পুলিশ ফাঁড়ি ভাঙচুর এবং পার্কস্ট্রিটের ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তারপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের গায়ে কেউ যদি হাত দেয় তার অবস্থা খারাপ হবে।”

রাজ্য পুলিশের দক্ষতার উদাহরণ দিতে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ওই ঘটনায় টাকা, গয়না-সহ প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছিল। এরপরই প্রশ্ন তোলেন, “ইডি-সিবিআই-এনআইএ কেন লাগবে?” তাঁর বক্তব্য, প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মী পেলে রাজ্য পুলিশও বড় অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করতে সক্ষম। মাদক কারবার ও তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়ে শুভেন্দু স্পষ্ট করেন, অপরাধের ক্ষেত্রে দল বা ধর্ম দেখে কোনও ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, “সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নিলে টাইট দিয়ে দেবেন। দল-ধর্ম দেখবেন না।”

Deepshika Mondal
Deepshika Mondal

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।