Bengal Liberty : পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি হিসেবে মনোনীত হলেন যুবনেতা সৌরভ প্রসাদ। শনিবার সর্বভারতীয় যুব কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এত দিন চার সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছিল রাজ্য যুব কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম। এ বার পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পেলেন সৌরভ।
প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে শুভঙ্কর সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠনের অন্দরে একাধিক রদবদল ঘটে। সেই সময় তৎকালীন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজাহার মল্লিক দলত্যাগ করেন। আব্দুল মান্নান ও অমিতাভ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত আজাহারের দলত্যাগের পর রাজ্য যুব কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম সচল রাখতে চার সদস্যের একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কমিটি গঠন করা হয়।
সৌরভ প্রসাদ ও সাহিনা জাভেদের নেতৃত্বাধীন ওই কমিটি এত দিন সংগঠনের দায়িত্ব সামলেছে। এ বার সেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অবসান ঘটিয়ে সৌরভ প্রসাদের হাতে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব তুলে দিল সর্বভারতীয় নেতৃত্ব।
আরও খবর
যুব সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও আন্দোলনমুখী করে তোলাই নতুন সভাপতির সামনে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান, অধিকার এবং বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে সংগঠনকে কতটা সক্রিয় করা যায়, সে দিকেই নজর থাকবে।
নতুন দায়িত্ব পাওয়ায় সৌরভ প্রসাদকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গের যুব কংগ্রেস আগামী দিনে আরও সংগঠিত ভাবে কাজ করবে এবং যুবসমাজের স্বার্থে আন্দোলন জোরদার করবে বলে আশাপ্রকাশ করেছে প্রদেশ নেতৃত্ব।


