Nishad Kumar
Nishad Kumar

হাই জাম্পের পর লং জাম্পেও সোনার হাসি! এশিয়ান প্যারা গেমসে নজির গড়লেন নিষাদ কুমার

Bengal Liberty : এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ফের উজ্জ্বল ভারতের নাম। জাপানের আইচি-নাগোয়ায় পুরুষদের টি৪৭ লং জাম্প ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করলেন ভারতের তারকা প্যারা অ্যাথলিট নিষাদ কুমার। সোমবার নিজের সেরা প্রচেষ্টায় ৭.১১ মিটার লাফিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, হাই জাম্পে পরিচিত নিষাদ আন্তর্জাতিক স্তরে লং জাম্পে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই সোনা জয়ের নজির গড়লেন।

প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন নিষাদ। প্রথম প্রচেষ্টায় ৬.৯৫ মিটার লাফিয়ে শুরু করেন তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব বাড়িয়ে পৌঁছে যান ৭.০৯ মিটারে। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৭.১১ মিটার লাফিয়ে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরেন ভারতীয় অ্যাথলিট। চতুর্থ প্রচেষ্টা ফাউল হলেও দমে যাননি তিনি। পঞ্চম প্রচেষ্টাতেও ৭.১১ মিটার লাফিয়ে নিজের আধিপত্য বজায় রাখেন। শেষ প্রচেষ্টায় ৭.০৭ মিটার লাফিয়ে সোনার পদক নিশ্চিত করেন নিষাদ।

এই ইভেন্টে উজবেকিস্তানের ওমাদবেক খাসানোভ ৬.৯৯ মিটার লাফিয়ে রুপো জেতেন। অন্যদিকে, শ্রীলঙ্কার মহম্মদু সাফরান ৬.৫৫ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক পান। ফলে দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে সবার উপরে শেষ করেন ভারতীয় অ্যাথলিট।

নিষাদ কুমার মূলত হাই জাম্পের জন্যই পরিচিত। টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪ প্যারালিম্পিক্সে পুরুষদের টি৪৭ হাই জাম্পে রুপোর পদক জিতেছিলেন তিনি। ২০২২ সালের এশিয়ান প্যারা গেমসেও হাই জাম্পে সোনা জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। পাশাপাশি ২০২৫ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে বিশ্বচ্যাম্পিয়ন হন নিষাদ।
সেই পরিচিত ইভেন্টের বাইরে এসে লং জাম্পে সোনা জয় তাঁর কেরিয়ারে নিঃসন্দেহে বড় সাফল্য। নতুন ইভেন্টে নিজের দক্ষতা প্রমাণ করে বুঝিয়ে দিলেন, আন্তর্জাতিক মঞ্চে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।