Bengal Liberty : প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন করল ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে পরাস্ত করল হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনল ইংল্যান্ড।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ইংল্যান্ডের ব্যাটারদের। দলের হয়ে দুরন্ত শতরান করেন টম ব্যান্টন। ৯৯ বলে ১২১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন জো রুট। ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। পাশাপাশি জর্ডান কক্সের ৬৭ রান এবং উইল জ্যাকসের অপরাজিত ৫৪ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল স্কোর খাড়া করে ইংল্যান্ড।
জবাবে ৩৫৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলারদের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। গাস অ্যাটকিনসন একাই তুলে নেন ৪টি উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত দেন সনি বেকার ও অন্যান্য বোলাররা।
আরও খবর
তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান ম্যাট রেনশ এবং ক্যামেরন গ্রিন। রেনশের ৬৩ ও গ্রিনের ৬৪ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে কিছুটা লড়াইয়ে ফেরালেও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২২০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এমন দুরন্ত প্রত্যাবর্তন নিঃসন্দেহে ইংল্যান্ড শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এবার সিরিজের শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচে দুই দলের কাছেই শিরোপা জয়ের লড়াই জমে উঠতে চলেছে।


