Barcelona Vs Alaves
Barcelona Vs Alaves

ঘরের মাঠে আলাভেসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে বার্সেলোনা, লা লিগায় নজর লামিনদের দিকে!

Bengal Liberty : লা লিগার মঞ্চে ফের মাঠে নামতে চলেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। ঘরের মাঠে আলাভেসের বিরুদ্ধে জয় তুলে নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে আরও একধাপ এগিয়ে যেতে চাইবে কাতালান ক্লাব। অন্যদিকে, শক্তিশালী বার্সেলোনার বিরুদ্ধে লড়াই করে পয়েন্ট ছিনিয়ে নেওয়াই হবে আলাভেসের প্রধান লক্ষ্য।

দুই দলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। কাগজে-কলমে বার্সেলোনা এগিয়ে থাকলেও ফুটবলের ময়দানে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই।

সাম্প্রতিক ফর্মে ধাক্কা বার্সেলোনার

চলতি মরশুমে দুরন্ত ছন্দে শুরু করলেও সাম্প্রতিক সময়ে কিছুটা চাপে রয়েছে হান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হার এবং তারপর এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজয়, পরপর দুই হারে কিছুটা হলেও আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে বার্সেলোনার। তবে লা লিগার পয়েন্ট তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে তারা।

অন্যদিকে, আলাভেসও খুব একটা ভালো ছন্দে নেই। লিগে শেষ ছয় ম্যাচে জয়হীন রয়েছে তারা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে আলাভেস। ফলে বার্সেলোনার বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে দলটি। তবে প্রতিপক্ষের সাম্প্রতিক রক্ষণাত্মক দুর্বলতাকে কাজে লাগিয়ে চমক দেওয়ার চেষ্টা করবে আলাভেস।

এই ম্যাচের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বার্সেলোনা। চোটের কারণে জুলস কুন্দে, এরিক গার্সিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, দানি ওলমো, জাভি এসপার্ট এবং রুনি বার্দঘজির মতো ফুটবলাররা অনুপস্থিত। ফলে রক্ষণভাগ সাজানো নিয়ে বাড়তি চিন্তা থাকছে ফ্লিকের। তবে আক্রমণভাগে লামিনে ইয়ামাল, রাফিনিয়া এবং দলের অন্যান্য তারকাদের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা।

সব মিলিয়ে, ঘরের মাঠে বার্সেলোনার কাছে এই ম্যাচ শুধুমাত্র তিন পয়েন্টের লড়াই নয়, বরং পরপর দুই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোরও সুযোগ। অন্যদিকে, আলাভেসের কাছে এই ম্যাচ বড় দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার মঞ্চ। এখন দেখার, লামিনে ইয়ামালদের আক্রমণ ঝড় নাকি আলাভেসের প্রতিরোধ, শেষ পর্যন্ত কোনটি হাসি ফোটায় সমর্থকদের মুখে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।