Croatia Vs Czechia
Croatia Vs Czechia

শেষ মুহূর্তের গোলে চেকিয়াকে হারিয়ে জয় ফিরল মদ্রিচদের!

Bengal Liberty : ইংল্যান্ডের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উয়েফা নেশনস লিগে জয়ের সরণিতে ফিরল ক্রোয়েশিয়া। রবিবার নিজেদের ঘরের মাঠে চেকিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিল লুকা মদ্রিচের দল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লভরো মাজেরের করা গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করল ক্রোয়েশিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ক্রোয়েশিয়া। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডিওন দ্রেনা বেলজোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ ফুটবলার ইভান পেরিসিচ। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ক্রোয়েশিয়া। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ক্রোয়েশিয়া। একের পর এক আক্রমণ তৈরি করলেও চেকিয়ার গোলরক্ষক আন্তোনিন কিনস্কির দুরন্ত পারফরম্যান্সের কারণে দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। তবে ম্যাচের শেষদিকে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ৮৪ মিনিটে গোল করে চেকিয়াকে সমতায় ফেরান আদাম হ্লোজেক। ফলে ম্যাচে ফেরার আশা দেখতে শুরু করে চেকিয়া। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

মাত্র তিন মিনিটের মধ্যেই পাল্টা আঘাত হানে ক্রোয়েশিয়া। ৮৭ মিনিটে লুকা ভুসকোভিচের পাস থেকে গোল করে দলকে ফের এগিয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা লভরো মাজের। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। এই জয়ের ফলে নেশনস লিগের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলল ক্রোয়েশিয়া। অন্যদিকে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল চেকিয়াকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।