Bengal Liberty : অবশেষে আশঙ্কাই সত্যি হল! একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হলেন মাইকেল ক্যারিক। চলতি মরশুমে দলের ভয়াবহ পারফরম্যান্সের পর আর ক্যারিকের উপর ভরসা রাখতে পারল না ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ক্যারিকের বিদায়ের কথা জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
উল্লেখ্য, চলতি প্রিমিয়ার লিগে একেবারেই ছন্দে নেই রেড ডেভিলসরা। প্রথম ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৮ নম্বরে নেমে গিয়েছে তারা। এমনকি অবনমনের আশঙ্কাও ক্রমশ বাড়ছে ক্লাবের অন্দরে। ফলে দলের এই বিপর্যয়ের দায়ভার শেষ পর্যন্ত নিতে হল ক্যারিককেই।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে রুবেন আমোরিমের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন এই ইংল্যান্ড তারকা। দায়িত্ব নেওয়ার পর দুরন্ত পারফরম্যান্স করে দলকে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন তিনি। সেই সাফল্যের পুরস্কার হিসেবে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিও পেয়েছিলেন ক্যারিক। কিন্তু নতুন মরশুমে দলের ধারাবাহিক ব্যর্থতা তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলে।
আরও খবর
এবার সবচেয়ে বড় প্রশ্ন, ক্যারিকের পরিবর্তে কাকে দায়িত্ব দিতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড? সূত্রের খবর, নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন ম্যানেজার মাউরিসিও পচেত্তিনোর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে টটেনহ্যাম হটস্পার, চেলসি এবং পিএসজির মতো বড় ক্লাব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইতিমধ্যেই পচেত্তিনোর সঙ্গে চুক্তির বিষয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে খবর। সব মিলিয়ে ক্যারিকের বিদায়ের পর নতুন কোচ নিয়োগের অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। এবার কি পচেত্তিনোর হাত ধরেই পুরনো গৌরব ফিরে পাবে রেড ডেভিলসরা, নাকি শেষ পর্যন্ত দায়িত্ব পাবেন উনাই এমেরি? এখন সেটাই দেখার।


